ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী আয়ারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুইল চেয়ার
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সফররত ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শঙ্কর আয়ারের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। যদিও ভারতীয় হাই কমিশন তার জন্য আরও একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছে।
আয়ারের ডান পায়ের সমস্যার কারণে মন্ত্রলায় হুইল চেয়ারের ব্যবস্থা করে।
একদিনের সফরে আয়ার সোমবার সকালে ঢাকা এসে পেীঁছান। সফরসূচি অনুযায়ী রাত ১১ টায় একটি বিশেষ বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন।
ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, মন্ত্রী সাম্প্রতিক লন্ডন সফরে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে মন্ত্রী এম মোরশেদ খান তাকে স্বাগত জানান। মন্ত্রণালয় ত্যাগ করার আগে লিফটের দরজা থেকে তার গাড়ি পর্যন্ত একটি লাল কার্পেট পেতে দেওয়া হয়।
ঢাকা অবস্থানকালে আয়ার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করেন।
