চোখের ছানির দ্রুততম ও নিরাপদ চিকিৎসা
চোখে ছানি পড়া এখন আর কোনও সমস্যাই নয়। এক ঘণ্টারও কম সময়ে চোখের ছানির অপারেশন সেরে আবার নিজ কাজে ফিরে যাওয়া যাবে।
চেন্নাইয়ের চিকিৎসক ড. অমর আগরওয়াল দ্রুততম ও নিরাপদ ছানি অপারেশনের এ পদ্ধতির আবিষ্কারক। কলকাতা বিবিআই ফাউন্ডেশনে রোববার মাইক্রোফ্যাকনিট নামের নতুন এই পদ্ধতির কার্যক্রম উপস্থাপন করা হয়। ভারতের প্রায় তিনশ’ অফথালমলজিস্ট নতুন এই পদ্ধতির সাথে পরিচিত হন। বিশাল পর্দায় তারা অমর আগরওয়াল এবং বিবিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অফথালমলজিস্ট পিকে বক্সীর অপরেশন কার্যক্রম প্রত্যক্ষ করেন।
মাইক্রোফ্যাকসিটের মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে চোখের ছানি অপারেশন করা যায়। এ পদ্ধতিতে আগের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ বেশি খরচ পড়বে।
আগরওয়াল জানান, ভারতে প্রতিবছর এক কোটিরও বেশি লোক অন্ধত্বের শিকার হয়। তাদের প্রায় আশি লাখই প্রথমে চোখে ছানি পড়ায় আক্রান্ত হয়। তার এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী চিকিৎসকরা আরও দ্রুত ও নিরাপদ উপায়ে চোখের ছানি অপারেশনে সক্ষম হবেন বলে তিনি জানান।
বর্তমানে পূর্ব ও উত্তরপূর্ব ভারতের মধ্যে কেবল বিবিআই ফাউন্ডেশনেই এ চিকিৎসা পাওয়া যাচ্ছে। পদ্ধতি এখনও সরকারি স্বীকৃতি লাভ করেনি।
