২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জেএমবি ক্যাডার আব্দুল আজিজকে পুলিশ খুঁজছে

গাইবান্ধায় ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত সন্দেহে জামা’আতুল মুজাহিদীনের ক্যাডার ফুলছড়ি উপজেলার আব্দুল আজিজকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 12:57 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সে এই ঘটনার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহ করছে।

সূত্র জানায়, জেলার তালিকাভুক্ত ৩৫ জন সক্রিয় জেএমবি ক্যাডারের মধ্যে এ পর্যন্ত ছয়জনসহ ১৪ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। বাকি ক্যাডাররা বোমা হামলার পর থেকে গা ঢাকা দিয়েছে। তবে নেতৃস্থানীয় জেএমবি ক্যাডাররা গা ঢাকা দিলেও বোমা হামলাকারীদের তৎপরতা যে থেমে নেই তা বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ডাকযোগে প্রেরিত লিফলেটের পরিপ্রেক্ষিতে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত ১৪ জনের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃতরাসহ পলাতক জেএমবি ক্যাডারদের বোমা হামলা মামলায় আসামি করে চার্জশীট দাখিল করা যেতে পারে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।