বড় ধরণের বন্যার কোনও সম্ভাবনা নেই : বিশেষজ্ঞ
দেশের কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হলেও বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর বড় রকমের বন্যা হওয়ার কোনও সম্ভবনা নেই।
শুক্রবার বন্যা পূর্বাভাষ ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেন, গত বছরের ৩০,৫৮২ বর্গমাইল এলাকা প্লাবিত হয়েছিল এবং মোট জনসংখ্যার ২৫ ভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। চলতি বছর এরকম বন্যা হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ইতোমধ্যেই আমরা বন্যার মাস হিসেবে পরিচিত জুন, জুলাই এবং আগস্ট মাস পার করে ফেলেছি। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে সেপ্টেম্বরের ১০ তারিখের পর আর বড় ধরণের কোনও বন্যার সম্ভাবনা নেই।
তবে মৌসুমি বায়ু প্রবাহ শেষ না হওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানিতে রাজধানীর নিকটবর্তী কিছু এলাকা প্লাবিত হতে পারে।
অন্যদিকে এফএফডব্লিউসি ধারণা করছে ডেমরা ও আশে পাশের নিচু এলাকার প্লাবন অব্যাহত ধাকতে পারে।
এফএফডব্লিউসি আরও জানায়, রাজবাড়ি ও মুন্সিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে মানিকগঞ্জ ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আরিচায় যমুনা ও ডেমরায় বালু নদী ব্যাতিত ব্রক্ষ্মপুত্র অববাহিকার সকল নদনদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা অববাহিকায় পানখা, গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মা এবং কামারখালিতে গড়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় চাঁদপুরে ছোট মেঘনা ছাড়া সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দক্ষিণ- পার্বত্য অববাহিকায় সকল নদনদীর পানির প্রবাহ বিপদ সীমার নিচে রয়েছে।
পর্যবেক্ষণ করা সর্বমোট ৮৬ টি পয়েন্টের মধ্যে ২৮ টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ৪২ টি পয়েন্টে হ্রাস পেয়েছে এভং দুটি পয়েন্টে পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
এফএফডব্লিউসি সূত্র জানায়, দেশের কয়েকটি অঞ্চলে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল নয়টা পর্যন্ত) মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ সময়ে রাঙ্গমাটিতে ৬৫ মিমি, ভৈরব বাজারে ৩৬ মিমি এবং টাঙ্গাইলে ২৫ দমমিক ৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পানির চাপে পুরনো ব্রক্ষ্মপুত্রের পানি অব্যাহত থাকায় সদর উপজেলার চারটি ইউনিয়নের ২৬ টি গ্রামের নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রামগুলো হলো-জঙ্গলদি, টাকিমারি, জগলদি, ধনুপাড়া, নন্দীর জোত, মরাকান্দি, ঘাসপাড়া, কামারপাড়া, চুনিয়ার চর, ডাক পাড়া ইত্যাদি।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর উপজেলার পদ্মাতীরের চার ইউনিয়নের ২৫ টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে এবং প্রায় একলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়াও আট হাজার ঘরবাড়ি, ৩৫ টি স্কুল, ৩০ টি মসজিদ-মাদ্রাসা ও চারটি বিডিআর চৌকি পানিতে নিমজ্জিত রয়েছে। অন্যদিকে, অব্যাহ পানি বৃদ্ধির ফলে চিলমারি বেড়ী বাঁধ হুমকির মুখে পড়েছে।
কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও ত্রাণ সাহায্য না পৌঁছায় দুর্গত এলাকার মানুষ অসহায় অব্যবস্থার মধ্যে দিনাতিপাত করছে।
