২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানার প্রাণী যাদুঘর যেনো মৃত পশুপাখির ভাগাড়

ঢাকার মিরপুর চিড়িয়াখানার অভ্যন্তরে দেশের একমাত্র প্রাণী জাদুঘরে চলছে নানা অনিয়ম আর অব্যবস্থাপনা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষ নির্বিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

চিড়িয়াখানার পশ্চিমাংশে একতলা একটি বিল্ডিংয়ে জড়োসরো করে  সাজানো হয়েছে প্রাণী যাদুঘরটি। আকর্ষণহীন চিড়িয়াখানায় ১০ টাকার টিকিটে প্রবেশ করার পরও প্রাণী যাদুঘরে ঢুকতে আরো লাগে দুই টাকা।

চিড়িয়াখানায় ঢুকলেই শোনা যায় মাইকে জাদুঘর ও এর ভেতরের প্রাণীদের বর্ণনা। দর্শকদের আকৃষ্ট করার কৌশল হিসেবে বাইরের কাউন্টার থেকে আকর্ষণীয় ভঙ্গিমায় প্রাণী যাদুঘরের বর্ণনা দেওয়া হয়।

‘বনমানুষটি এখানে, জিরাফটি দেখে যান, একটি গরুর দুইটি মাথা, তিনটি চোখ....’। এ ধরণের বর্ণনা শুনে টিকিট কেটে ভেতরে প্রবেশ করেই হতাশ হন দর্শনার্থীরা।

২৫ বছর আগে প্রায় এক একর জমির ওপর প্রতিষ্ঠিত এ যাদুঘরটিতে ৭৯১টি প্রাণীকে একেবারেই গাদাগাদি করে রাখা হয়েছে। বেশ কিছু প্রাণী মমি সাজিয়ে রাখা হয়েছে। মৃত মাছগুলোকে রাখা হয়েছে অ্যাকুরিয়ামে সাজিয়ে। সেকেলে পদ্ধতিতে মাছ ও প্রাণীর মমিগুলো সাজিয়ে রাখায় এগুলো আধুনিককালের দর্শনার্থীদের কাছে আকর্ষণ হারাচ্ছে।

জাদুঘরে গিয়ে দেখা যায়, জাদুঘরের সরঞ্জামগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। সেলফগুলোর গায়ে জমে গেছে ধুলো -- বালি। মমিগুলো নিয়মিত পরিস্কার করা না হওয়ায় ময়লা জমে বিবর্ণ হয়ে গেছে।

জিরাফের একমাত্র মমিটিও রাখা হয়েছে একেবারে অযতœ অবহেলায়। মমিগুলোর মধ্যে রয়েছে শিয়াল, হরিণ ও বানর জাতীয় প্রাণীর আধিক্য। বনমানুষ কোনটি, আর শিম্পাঞ্জি কোনটি, বোঝাই মুশকিল। মমি করতে গিয়ে চেহারা বিকৃত হয়ে গেছে দুটিরই। একেবারে বাইরে রাখা হয়েছে তিমির কঙ্কালটি।

অ্যাকুরিয়ামে দেশীয় মাছের ছড়াছড়ি। একমাত্র ‘পিরনহা’ ছাড়া আর কোনো হিংস্র মাছ নেই। ‘ট্রাস ফিস’সহ সাধারণ মাছগুলোই রাখা হয়েছে অ্যাকুরিয়ামে। এতে টাকি, শিং, পুঁটি, কৈ মাছের সংখ্যাই বেশি।

অ্যাকুরিয়ামগুলো নিয়মিত পরিষ্কার না করায় গন্ধ ছড়াচ্ছে। দুটি অ্যাকুরিয়াম বাক্স ভেঙ্গে পড়ে আছে দীর্ঘদিন ধরে। মাছ সংগ্রহ করা হচ্ছে না এবং অ্যাকুরিয়াম তৈরি বা সংস্কারও করা হচ্ছে না।

এতোসবের পরেও প্রাণী যাদুঘরের প্রাণীগুলোর পরিচিতির কোনো বুকলেট নেই। ফলে দর্শকরা এখানে এসে কিছু জানতে বা শিখতে পারছেন না।

চিড়িয়াখানা সূত্র জানায়, জাদুঘরের পরিচর্যার জন্য মোট পাঁচজন কর্মী রয়েছেন। এদের মধ্যে একজন কর্মকর্তা, একজন তৃতীয় শ্রেনীর কর্মচারি এবং তিনজন পিয়ন। কোনো সুইপার না থাকায় পিয়নরাই এর পরিচর্যা করে।

এসব কর্মকর্তা ও কর্মচারি প্রতিদিনই অফিস করলেও এগুলো দেখাশোনা করার কেউ নেই।

এ ব্যাপারে চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানান, ফান্ড না থাকায় প্রাণী জাদুঘরটিকে আকর্ষণীয় করা যাচ্ছে না। প্রধান ফটকের মতো এবার জাদুঘরের গেটও ইজারা দেওয়া হয়েছে। হাসান কিং নামে একটি প্রতিষ্ঠান প্রায় ১৮ লাখ টাকায় এটি ইজারা নিয়েছে।

কিন্তু জাদুঘরের টিকেট থেকে ইজারার টাকা তুলতে ইজারাদাররা ব্যস্ত থাকলেও জাদুঘর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় তাদের কোনো আগ্রহ দেখা যায়নি।