চট্টগ্রামে এডিসি গোলাম কুদ্দুসের ওপর হামলার ঘটনায় ৪ সন্দেহভাজন গ্রেফতার
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ গোলাম কুদ্দুসকে ছুরিকাঘাতে গুরুতর জখম হওয়ার ঘটনার পর ৩৬ ঘন্টার মধ্যেও কোনও মোটিভ খুঁজে পায়নি পুলিশ।
পাঁচলাইশ পুলিশ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তারা ষোলশহর ও চকবাজার এলাকা থেকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-- রিপন দে, বাবুল, বড়–য়া, আমজাদ হোসেন ও আবুল বাশার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এ ঘটনার সাথে তাদের জড়িত থাকার কোনও ক্লু খুঁজে পায়নি। তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃতদের জন্যে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন বলে সুত্র জানায়।
তবে তদন্তের সাথে ঘনিষ্ঠ অপর একটি সূত্র বলেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি কেবলই ডাকাতি হতে পারে। তবে আহত গোলাম কুদ্দুস জানিয়েছেন হামলাকারীরা মুখোশধারী ছিলো।
শুক্রবার বিকেলে গোলাম কুদ্দুস বিডিনিউজকে বলেন, “আমার কাছে হামলার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তিন জন পুলিশ আমার বাসভবনের নিরাপত্তায় সার্বক্ষনিক নিযুক্ত থাকার পরেও এমন হামলায় আমি নিরাপত্তাহীনতা অনুভব করছি।
চট্টগ্রামের তিনটি পার্বত্য জেলার দায়রা জজ এবং সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালনকারী মোহাম্মদ গোলাম কুদ্দুস সেসময় নির্বাচনে ভুমিকা পালনের জন্যে আলোচনায় উঠে এসেছিলেন।
সূত্র জানায় সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে ও পরে গোলাম কুদ্দুসের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো কিন্তু সম্প্রতি তা উঠিয়ে নেয়া হয়।
ওই সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাসায় ফোন করে হত্যার হুমকি দেয়ার প্রেক্ষিতে এ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
নির্বাচনের কয়েক সপ্তাহ পর গোলাম কুদ্দুস একটি চিঠিতে বিভাগীয় কমিশনারের কাছে আবারও পুলিশী নিরাপত্তার জন্যে বলেন। বিভাগীয় কমিশনারের সুপারিশসহ সে চিঠি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কাছে গেলে তাতে গুরুত্ব দেয়া হয়নি বলে সূত্র জানায়।
গত বৃহস্পতিবার ভোররাতে পাঁচ সদস্যের মুখোশধারী দুবৃত্তের একটি দল গোলাম কুদ্দুসের পাঁচলাইশস্থ সরকারি বাসভবনে হামলা চালায় এবং তাকে উপুর্যৃপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
