বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত ৩ বিদেশিকে পুলিশে সোপর্দ করেছে নৌ বাহিনী
বঙ্গোপসাগর থেকে নৌ বাহিনীর উদ্ধার করা তিন বিদেশি নাগরিককে শুক্রবার মংলা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ শনিবার তাদের নিরাপত্তা হেফাজতে রাখার জন্যে বাগেরহাট আদালতে পাঠাবে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ভারত মহাসাগরের সিসিলী দ্বীপের নাগরিক জন নরিস (৪৫), রবীন জ্যাকব (৪২) ও জেন পিয়ার (৪১)কে নৌ--বাহিনীর মংলা ঘাঁটি থেকে শুক্রবার বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তিনজন ২ আগস্ট একটি সেইলিং বোট নিয়ে সমুদ্রভ্রমণে বের হয়ে ঝড়ের কবলে পড়েন। ৩০ আগস্ট নৌ--বাহিনী মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে তাদের খাদ্য, পানীয় ও জ্বালানিবিহীন এবং যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বোটসহ উদ্ধার করে। এ কয়েকদিন তারা মংলায় নৌ--বাহিনীর হেফাজতে ছিলেন।
