২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ৭৫০০ রাউণ্ড গুলিসহ ২০টি একে-৪৭ রাইফেল উদ্ধার, ১ম লিড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে বিডিআর সদস্যরা সাত হাজার পাঁচশ’ রাউণ্ড গুলিসহ ২০টি একে- ৪৭ রাইফেল উদ্ধার করেছে। এ অভিযানে বিডিআর- এর সাথে র্যাব সদস্যরাও অংশ নেয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 12:05 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বান্দরবান সেনা রিজিয়নের একজন মুখপাত্র জানান, এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশ--মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি এলাকা থেকে ৬৭টি অত্যাধুনিক মারণাস্ত্র এবং বিভিন্ন অস্ত্রে ব্যবহারযোগ্য প্রায় ৩০ হাজার রাউণ্ড বুলেট উদ্ধার করা হল।

বৃহস্পতিবারের উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২০টি একে--৪৭ রাইফেল, জার্মানির তৈরি ৩২টি পিস্তল, ব্রিটেনে নির্মিত একটি ভারি মেশিনগান ও একটি সাব মেশিন কার্বাইন (এসএমসি) ও একটি এলজি  রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন অস্ত্রে ব্যাবহৃত সাড়ে সাত হাজার বুলেট।

বিডিআর সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি জোনের কমাণ্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল আবদুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে এ অভিযান শুরু হয়।

সেনাবাহিনীর মাইন ডিটেক্টর ইউনিটের মাধ্যমে মেটাল ডিটেক্টর ব্যবহার করে মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ অভিযানে একে-৪৭ রাইফেলের ৪০টি ম্যাগজিন, এলএমজি’র ছয়টি ম্যাগাজিন এবং কন্টেনার ভর্তি আর্মস ওয়াশিং অয়েল উদ্ধার করা হয়েছে।

এদিকে উদ্ধারকৃত অস্ত্রগুলো চট্টগ্রাম পাঠানো হচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসব অস্ত্র পরিদর্শণ করতে চট্টগ্রাম যাচ্ছেন।

উদ্ধার করা অস্ত্রগুলো মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সোলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বলে সংশ্লিষ্টদের ধারণা।