জিটিডি’র ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করছে আইএসপি
আদালতের আদেশ অমান্য করে বেশ কিছু ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান (আইএসপি) গ্লোবাল ট্রাভেল ডিস্ট্রিবিউশন (জিটিডি) বাংলা লিমিটেডকে সংযোগ প্রদান করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
কর ফাঁকি ও অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে আদালতের একটি রায়ের পর ট্রাভেল এজেন্সিকে কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেম (সিআরসি) সুবিধা প্রদানকারী জিটিডি’র (সাবেক আমাদিউস ইন্ডিয়া প্রাইভেট লি.) কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আদালত একই সাথে জিটিডিকে ইন্টারনেট সংযোগ না দিতে এবং এমাডিউসের ওয়েবসাইট (www.amadeusvista.com) ব্লক করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কর্তৃপক্ষ (বিটিআরসি) ও আইএসপি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। কেননা এ ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তবে সূত্র জানায়, আদালতের আদেশ অমান্য করে র্যাংকস আইটিটি লিমিটেড, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লি. এবং আরও কিছু আইএসপি প্রতিষ্ঠান তাদের ইন্টারনেট সার্ভিস প্রদান করে যাচ্ছে।
সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট বেঞ্চ ১৪ আগস্ট কেন এমাডিউস ইন্ডিয়া প্রাইভেট লি. ও জিটিডি বাংলা প্রাইভেট লি. এর ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে বলে শিল্প, টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবগণ, বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসি চেয়ারম্যানের প্রতি একটি রুলনিশি জারি করেন।
আদালত বাংলাদেশের সকল সিডিউল ব্যাংককে এ দুইটি প্রতিষ্ঠানের চলতি হিসাব বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংককে আদেশ দেন।
ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এমাডিউস বা জিটিডি’র ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার জন্য র্যাংকস আইটিটি লিমিটেডকে নির্দেশ দেয়। কিন্তু এরপর ছয় মাস পার হয়ে গেলেও র্যাংকস আইটিটি লি. তা করেনি।
আদালতের সর্বশেষ রায়ের পর বিডিআরসি’র এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, এ দু’টি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার জন্য শিগগিরই আইএসপি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে।
আদালতের রায় অমান্যের অভিযোগে এই দু’টি কোম্পানি সম্ভাব্য ফৌজদারি মামলার সম্মুখীন হতে পারে বলে জানান একজন আইনজীবী।
