কুয়েটে ছাত্র পুলিশ সংঘর্ষে ছয় ছাত্র ও তিন পুলিশ আহত
খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট বিআইটি রোডে মঙ্গলবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয় ছাত্র ও তিন পুলিশ আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে ছাত্ররা ফুলবাড়ি গেট পুলিশ বক্স ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েট ও কেএমপি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্র জানায়, রাত দেড়টার দিকে কুয়েটের চার ছাত্র হাফ প্যান্ট পরে খালি গায়ে সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিআইট রোড়ের এক নৈশ প্রহরী তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে। নৈশ প্রহরী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ছাত্রদের সাথে কথা বলতে যায় এবং ছাত্ররা তাদের সাথেও একই আচরণ করে। টহল পুলিশ বিষয়টি তাদের উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে পুলিশের একটি পিকআপ ভ্যান তাদেরকে ধরে নিয়ে যায়। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু ছাড়া পেয়ে ছাত্ররা আরও শতাধিক ছাত্রকে সঙ্গে নিয়ে ফুলবাড়ি গেট পুলিশ বক্স ভাংচুর করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এই ঘটনায় খুলনা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কেএমপি’র একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছলে ছাত্ররা তাদের ওপর চড়াও হয়। তাদের নিক্ষিপ্ত ইট, পাটকেলে কনস্টেবল মাসুদ, জসিম ও ইমরুল আহত হয়।
পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। এতে নবিন (২০), পলাশ (২১) সহ আরও কয়েক ছাত্র আহত হয়। আহত পুলিশ কনস্টেবলদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কুয়েটের রেজিস্ট্রার ড. এ এম এম মিজানুর রহমান বলেন, অধিক রাত পর্যন্ত লেখাপড়া করার জন্য ছাত্ররা চা পান করতে বাইরে গিয়েছিল। কিন্তু পুলিশ তাদের ধরে নিয়ে যায়।
এ ঘটনায় কোনও তদন্ত কমিটি গঠিত হয় নি।
