তেতুলিয়া সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ, বিডিআরের পুশব্যাক
পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনজন পুরুষ, চারজন মহিলা ও ছয় শিশুসহ বাংলা ভাষাভাষি মোট ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের নয়াবাড়ী ক্যাম্পের ৪৩৪ নং মেইন পিলার দিয়ে বাংলাদেশে পুশইন করেছে।
খবর পেয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) তাৎক্ষনিকভাবে ওই ১৪ জনকে পুনরায় ভারতে পুশব্যাক করে।
পুশইন-পুশব্যাকের ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিএসএফ কর্তৃক পুশইনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আমন্ত্রণ জানালে তেতুলিয়ার গোয়ালগছ সীমান্তের ৭৩০ মেইন পিলার বরাবর এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের তেতুলিয়া কোম্পানী কমান্ডার আকতার হোসেন ও ভারতের পক্ষে ফাঁদি দেওয়া ক্যাম্প ১০ বিএসএফ’র ডি কোম্পানী কমান্ডার এআর পাপাচান।
বৈঠকে বিডিআরের পক্ষ থেকে পুশইনের ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়। পঞ্চগড়ের তেতুলিয়ায় নতুন করে পুশইনের ঘটনায় বিডিআরের টহল জোরদার করা হয়েছে।
