সুপ্রিম কোর্টের বিচারকদের সমালোচনায় সাবেক আইনমন্ত্রী খসরু
১৯৭৫ এর সামরিক হস্তক্ষেপ ও পরবর্তী সময়ে সংবিধান সংশোধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করায় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বুধবার সুপ্রিম কোর্টের বিচারকদের তীব্র সমালোচনা ও নিন্দা করেছেন।
সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হাইকোর্টের রায় স্থগিত করার মাধ্যমে আপনারা সামরিক শাসনকে বৈধতা দিয়েছেন। সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করায় সুপ্রিম কোর্টের বিচারকের বেঞ্চে বসার কোনও বৈধতা আপনাদের নেই’।
২৯ আগস্টে দেওয়া হাইকোর্টের রায়ের কোনও মূল্য নেই বলে মন্তব্য করায় তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের নামে আদালত অবমাননার অভিযোগ গঠনের আহ্বান জানান।
তিনি বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাপ্তাহিক মানববন্ধন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান রক্ষা এবং বঙ্গবন্ধু হত্যা মামলার নিষ্পত্তির ব্যাপারে বিচারকদের কোনও আগ্রহ নেই। অথচ মাঝরাতের আঁধারে যুগান্তকারী এই রায় স্থগিত করতে ঠিকই আগ্রহী তারা।
তিনি বলেন, মধ্যরাতের রাজনীতি ও বিচার আমরা চাই না। আমরা দিনের আলোয় স্বচ্ছ রাজনীতি ও বিচার চাই।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমএ হালিম, আজহারুল্লাহ ভূইয়া এবং অ্যাডভোকেট শহীদুল ইসলাম।
