ইমন হত্যা মামলায় সাত জনের ফাঁসি
রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের ঠিকাদার মঈন খান ইমন হত্যা মামলার রায়ে আদালত বুধবার সাত জনের ফাঁসির আদেশ দিয়েছেন। অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ রায় দেন।
২০০৩ সালের ২৯ এপ্রিল দুপুর সাড়ে তিনটায় ইমন ও তার মামা রিপন দাতের চিকিৎসার জন্য ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে যায়। রিক্সাযোগে তাজমহল রোডের বাসায় ফেরার পথে কাজী নজরুল ইসলাম রোডের বিসমিল্লাহ স্টোরের সামনে আসামিরা ইমনকে পিস্তল দিয়ে আঘাত করে। এ সময়ে রিপন বাধা দিতে গেলে আসামিরা তাকে হত্যার হুমকি দেয়।
পরে ইমনকে তারা অন্য একটি রিক্সায় তুলে নূরজাহান রোডের প্রাইমারি স্কুলে নিয়ে গুলি করে হত্যা করে। রিপনের দেয়া তথ্য অনুযায়ী, ইমনের বাবা মামলার বাদী মাহফুজার রহমান ও ইমনের মা ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই মোহাম্মদপুর থানা পুলিশ লাশের সুরতহাল করে লাশ থানায় নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় ইমনের বাবা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামীরা হলো-সোহেল রিয়াজ পাপ্পু, শাহরিয়ার হোসেন জসিম, লাল্লু উদ্দিন লালু, মীর মোহাম্মদ রিয়াজ, শাহ আলম, রতন ও টিপু।
অন্যদিকে খালাস পাওয়া আসামিরা হলো-হাসিবুল হক বিপ্লব (পলাতক) এবং জাকির হোসেন সোহেল।
মামলার বিচার চলাকালে মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নূরুল ইসলাম বাবুল।
