চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পরি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদীর পানি ক্রমাগত বাড়ছে।
এর মধ্যে কয়েকটি নদীতে পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হলেও পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প নতুন করে হুমকির মধ্যে পড়েছে।
গত ক‘দিনে উজান থেকে নেমে আসা ঢলে নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের অধীন স্পার নং ২ সংলগ্ন উজিরপুর ও বহালাবাড়ি এলাকায় বাম তীর সংরক্ষণ [প্রতিরোধ ওয়ালের] এলাকায় ইতোপূর্বে দেবে যাওয়া প্রায় সাড়ে তিনশ’ মিটার অংশে নতুন করে ধস নামা শুরু হয়েছে।
এছাড়া এফ গ্রুপের শেষ মাথা বরাবর প্রায় ৫০ মিটার অস্থায়ী কাজের কিছু অংশ নদী ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীর পাড় উপচে বেড়ি বাঁধের কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
প্রবল স্রোতের মুখে নতুন নতুন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। বাম তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ শংকিত হয়ে পড়েছে। তারা নিরাপদ আশ্রয়ে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজান থেকে ধেয়ে আসা ঢলে পদ্মা নদীর পানি বিপদ সীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৩৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলো।
এদিকে মহানন্দা নদীতে পানি বিপদসীমার নিকট দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার এ নদীতে ৪৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
