চট্টগ্রামের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ যোগাযোগ বন্ধ
বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের উত্তর লামছড়ির সাত নদীর মোহনা পোটকার চরে পানির স্তর নেমে যাওয়ায় চট্টগ্রামের সাথে গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার পর্যন্ত এই রুটে চলাচলকারী মালবাহি জাহাজ এবং তেলের ট্যাঙ্কারসহ প্রায় অর্ধশতাধিক জাহাজ পোটকারচরে আটকা পড়ে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন চ্যানেলটি পুনঃখনন না করা হলে রুটটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।
সূত্র জানায়, রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামের সাথে বরিশাল, খুলনা, মংলা, যশোর, নোয়াপাড়ার একমাত্র নৌ যোগাযোগের ক্ষেত্রে পোটকার চরের চ্যানেলটি ব্যবহৃত হযে আসছে। কিন্তু স্বাধীনতার পর থেকে চ্যানেলটি পুনঃখনন না করায় ডুবোচর এবং পলির স্তর পড়ে এবং তা নৌ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবোঝাই জাহাজ এবং তেলের ট্যাঙ্কারগুলো বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, মংলা, নোয়াপাড়া, যশোর যাওয়ার পথে বরিশালের পোটকার চরে আটকা পড়ে।
এ ব্যাপারে আটকে থাকা এমভি আইয়ুব-১ নামের একটি জাহাজের মাস্টার জিয়াউর রহমান বিডিনিউজকে জানান, জাহাজ ও তেলের ট্যাঙ্কার চলাচলের জন্য পোটকার চর চ্যানেলে ১২/১৩ ফুট পানির প্রয়োজন। কিন্তু ভাটির সময় ওই চ্যানেলে ছয় ফুটের বেশি পানি থাকে না। জোয়ারের সময় ৮/৯ ফুটের মতো পানি থাকে। ফলে মালবোঝাই জাহাজগুলো চ্যানেল অতিক্রম করতে গিয়ে আটকা পড়ছে। একইভাবে ৮ আগস্ট এমভি আইয়ুব ১ ওই চ্যানেলে আটকা পড়ে। গত ২৩ আগস্ট একই স্থানে এমভি নয়নাশ্রী নামে একটি পাট বোঝাই জাহাজ আটকে যায় এবং আজও তা একই স্থানে আটকে রয়েছে।
সম্প্রতি পাথর বোঝাই এমভি সুগন্ধা জাহাজটি পোটকার চরে আটকে থাকার পর ট্রলারের মাধ্যমে পাথরগুলো বরিশালে নিয়ে আসা হয়।
এমভি নয়ানাশ্রীর চালক মো. জয়নাল আবেদিন বিডিনিউজকে জানান, পোটকার চর চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চট্টগ্রাম থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে অধিকাংশ মালবোঝাই জাহাজ আসছে না। ফলে মংলা, যশোর, খুলনা, বরিশালে বিকল্প পথে চট্টগ্রাম থেকে পণ্য আসায় পরিবহন খরচ প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছে।
সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে চট্টগ্রামের সাথে গোট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌ পথে ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়বে।
