খুলনায় গ্রেপ্তারকৃত চার জঙ্গি চারদিনের রিমান্ডে
খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালি এলাকা থেকে ধারাবাহিক বোমা হামলার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত চার জঙ্গিকে মঙ্গলবার চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দাকোপ উপজেলা থেকে চারজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার জঙ্গিদের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে। অপর দিকে ফরিদপুর থেকে সোমবার গ্রেফতারকৃত একজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চার দিনের রিমান্ডে আনা জঙ্গিরা হচ্ছে হামিদ সরদারের পুত্র মাহমুদ সরদার, কওছার আলীর পুত্র আক্তারুজ্জামন (২৫), সাতক্ষীরা তালা উপজেলার পাঠকেলঘাটার ফজলুল করিম গোলদারের পুত্র শহীদুল গোলদার (৩০), সরদার আব্দুল গফুরের পুত্র হাফেজ হারুন অর রশীদ (৩০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শহীদুল গোলদার ও হাফেজ হারুন অর রশীদ ড. গালিবের অনুসারি এবং তারা আহলে হাদিসের সঙ্গে যুক্ত। এছাড়া ফরিদপুরে সোমবার গ্রেপ্তারকৃত বুলবুলকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
