খাগড়াছড়িতে ব্রাশ ফায়ারে জেএসএস সদস্য খুন
খাগড়াছড়ি জেলা সদরের ইটছড়ি দয়ামোহন কার্বারীপাড়া এলাকায় মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদর থানা শাখার সদস্য জগদীশ চাকমা খুন হয়েছে।
পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সূত্র জানায়, নিজবাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ছয়জন সন্ত্রাসী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই জগদীশ নিহত হয়।
পিসিজেএসএস এক বিবৃতিতে এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। তারা প্রশাসনের কাছে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।
