২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজুস ও ফ্লেক্সিলোডের ‘আপত্তিকর’ টিভি বিজ্ঞাপন প্রচারে সরকারি নিষেধাজ্ঞা

গ্রামীণ ফোনের ডিজুস ও ফ্লেক্সিলোড প্যাকেজের কয়েকটি ‘আপত্তিকর’ টিভি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

মোবাশ্বার হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জাতীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে ডিজুসের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়।

বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ২৩ আগস্ট দেশের তিনটি স্যাটেলাইট চ্যানেলকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, ডিজুস-এর বিজ্ঞাপনে ‘আজাইরা প্যাচাল’, ‘কি দেখাইলো’ ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়েছে যা অনাকাঙ্খিত। এতে আরো বলা হয়, ফ্লেক্সিলোডের বিজ্ঞাপনে অশালিন ভাষা ও অশোভন অঙ্গভঙ্গি ব্যবহার করা হয়েছে। এ সকল বিজ্ঞাপন আমাদের তরুণ প্রজন্মকে অনৈতিক কাজে উৎসাহিত করবে বলে সরকার মনে করে।

চিঠি ইস্যুর আগে সরকারের উচ্চ পর্যাযে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলেও সূত্র জানায়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এছাড়াও বিলবোর্ড ও পত্রিকাসহ সকল মাধ্যমে কতিপয় ডিজুস ও ফ্লেক্সিলোডের বিজ্ঞাপন প্রচার বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গ্রামীণ ফোনের একটি সূত্র জানায়, ডিজুস’র টিভি বিজ্ঞাপনের জন্য গ্রামীণ ফোন প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিটপি অ্যাডভার্টাইজিং সংস্থা এ বিজ্ঞাপনগুলো তৈরি করে।

এ বিষয়ে স্যাটেলাইট চ্যানেল এনটিভি, চ্যানেল আই ও এটিএন বাংলা’র বিপণন বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা তথ্য মন্ত্রণালয়ের চিঠির কথা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়।

তথ্য মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, এ ধরনের বিজ্ঞাপন জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের জন্য ক্ষতিকর হওয়ায় তথ্য মন্ত্রণালয় এ চিঠি পাঠিয়েছে।

ডিজুসের টিভি বিজ্ঞাপনের ভাষা হচ্ছে-হ্যাভি জোশ, কঠিন ভাব, হ্যাভি চাল্লু, জটিল মুড ইত্যাদি। তথ্য মন্ত্রণালয়ের মতে, তাদের বিজ্ঞাপনের এসব ভাষা মাতৃভাষার বিকৃত ব্যবহার।

তথ্য মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা বলেন, এক্সট্রা খাতির, বারোটা বাজুক আর নাই বাজুক, এক ঢিল ম্যানি পাখি-এ ধরনের বিজ্ঞাপনি ভাষা দর্শকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গণমাধ্যম বিশেষজ্ঞ ফাহমিদুল হক এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, শুরু থেকেই ডিজুসের বিজ্ঞাপন নেতিবাচক ভাবে তরুণ প্রজন্ম উপস্থাপনের মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে।

টিভি বিজ্ঞাপনের বিষয় নিয়ে বর্তমানে গবেষণারত ফাহমিদুল হক আরও বলেন, দেশে গণমাধ্যমের আধেয় নিয়ে কোনও নীতিমালা না থাকায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার সম্ভব হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এ বিজ্ঞাপন আমাদের সংস্কৃতি প্রতিফলন ঘটায় না।

নরওয়ে, সুইডেন, হাঙ্গেরি, ইউক্রেনে ডিজুস একটি জনপ্রিয় প্যাকেজ।

বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করার বিষয়ে গ্রামীণ ফোনের প্রতিক্রিয়া জানতে বাব বার চেষ্টা করেও কোনও কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।