২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে শ্রেষ্ঠ ১০ জন জীবিত বাঙালির সংবর্র্ধনা অনুষ্ঠান প্রহসনে পরিণত

নিউইয়র্কে শ্রেষ্ঠ ১০ জন জীবিত বাঙালির সংবর্ধনা অনুষ্ঠান প্রহসনে পরিণত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সংবর্ধনার জন্যে মনোনীত দুই বাংলার ১০ জনের মধ্যে একমাত্র সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া আর কেউ ওই অনুষ্ঠানে যোগ দেননি। তালিকাভুক্ত লেখক মুহম্মদ জাফর ইকবাল আমেরিকায় অবস্থান করলেও ঘোষণা দিয়ে অনুষ্ঠানটি প্রত্যাখান করেছেন।

ম্যানহাটান সেন্টারে বাঙালি কমিউনিটির ১হাজার ৪শ’ জন আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দেড়শ’ জন। নানা অব্যবস্থাপনার মধ্যে চার ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়। শিল্পীদের মধ্যে মাত্র চারজন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

‘মুক্তধারা’ নামে পুস্তক প্রকশনা সংস্থা অনলাইন জরিপের মাধ্যমে অন্য যে আটজনকে সংবর্ধনা দেওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলো, আয়োজনে অনুপস্থিত সে নয়জন হচ্ছেন, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারশিল্পী পন্ডিত রবিশংকর, বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, বিশিষ্ট আইনবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদ।

নিউইয়র্কের প্রবাসী বাঙালি গোষ্ঠীর অভিমত, বিতর্কিত ওই জরিপ ও অনুষ্ঠানটিকে তারা বর্জন করেছেন। আয়োজনে উপস্থিত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ও অল্প কিছুক্ষণ পরই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের সাংবাদিক ও বাঙালিদের কাছে ঘোষণা দেন, যেহেতু পুরো জরিপ পদ্ধতি ও আয়োজনটিই বিতর্কিত, সে কারণে আমেরিকায় অবস্থান করলেও তিনি অনুষ্ঠানটি বর্জন করছেন।

এ আয়োজনের প্রধান উদ্যোক্তা বিশ্বজিত সাহার কাছে এসব অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাওয়া হলে বিডিনিউজ-এর কাছে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কিছুদিন আগে উদ্যোক্তারা ওই অনলাইন জরিপের ফলাফল ঢাকায় প্রকাশ করলে এ নিয়ে সে সময়ও ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়। বিশিষ্টজনরা অভিমত দেন, পুরো আয়োজনটিই বাণিজ্যিক মনোভাবসম্পন্ন, এমনকি অশোভন।