‘বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশেও আন্তর্জাতিক মানের কারিগরী শিক্ষা প্রয়োজন’
বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশেও আন্তর্জাতিক মানের কারিগরী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এক সেমিনারে এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
সোমবার শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে ব্রিটেনের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান এডেক্সেল ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশে ইউকে একাডেমিক এবং কারিগরী শিক্ষার সুযোগ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন এডেক্সেল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক নিক স্যানসাম। বক্তব্য রাখেন বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিলের পরিচালক ড. জুন রলিন্সন, এডেক্সেলের পরিচালক রিক ফার্থ এবং ব্রাকের উপ-নির্বাহী পরিচালক মোস্তাক চৌধুরী।
আয়োজনে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, এদেশের সরকার শুধু কারিগরী শিক্ষার প্রশিক্ষণই শুধু নয়, উপরন্তু চাকরির বাজারে এর গুরুত্ব বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ‘এ’ এবং ‘ও’ লেভেল পর্যায়ে শিক্ষার্থীদের কারিগরী শিক্ষার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এভাবে তাদের সাহায্য করতে হবে স্বাবলম্বী হতে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাধ্যমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা বেশি। তাই আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো বাংলাদেশেও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এডেক্সেলের পরিচালক রিক ফার্থ জানান, এদেশে তাদের প্রতিষ্ঠানটি কারিগরী শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে উচ্চ শিক্ষার্থে ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করবে।
তিনি জানান, এডেক্সেল ইতিমধ্যেই এ দেশের ৯০ টি স্কুলে ‘এ’ এবং ‘ও’ লেভেলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরী শিক্ষার সাথে পরিচিত করে তোলার কাজ শুরু করেছে।
দিনমান সেমিনারের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো স্কুলে কারিগরী শিক্ষার পরিচিতি এবং বেসরকারী স্কুলের সাফল্য সম্পর্কে আলোচনা ও শিক্ষক প্রশিক্ষণ।
