চট্টগ্রামে কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টা : পুলিশের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ
আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীর এনায়েত বাজার এলাকায় রাতারাতি দালান নির্মাণ করার অপচেষ্টা অবশেষে কোতোয়ালী থানা পুলিশ ব্যর্থ করে দিয়েছে।
গত ২২ আগস্ট গভীর রাতে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের সামনে নোয়েল জি মেন্ডিস নামে এক ব্যক্তির কোটি টাকার ভূ-সম্পত্তির ওপর ‘ইকুইটি‘ নামক একটি ডেভেলপার কোম্পানি অবৈধভাবে ৫০ জন শ্রমিক নিয়োগ করে রাতারাতি দালান নির্মাণের চেষ্টা করে।
সূত্র জানায়, নোয়েল জি মেন্ডিসের শ্বশুর মৃত অরুণ বোস তার পিতৃ সম্পত্তির “বকুল বটিকা” ৫ নং এনায়েত বাজারের ২২ শতক জমি থেকে দুই তৃতীয়াংশ অর্থাৎ ১৫ শতক জমি জামাতা নোয়েল মেন্ডিসের কাছে বিক্রি করার জন্য বায়নানামা করেন। পরবর্তীকালে অরুণ বোস মারা যাবার আগে তার ছেলে পতঞ্জলি বোস ওরফে নটুর কাছে রেজিষ্ট্রি করা উইল রেখে যান।
ওই উইলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, পতঞ্জলি বোস ওরফে নটু ১৫ শতক জমি নোয়েল জি মেন্ডিসের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। নোয়েল পতঞ্জলি বোসকে রেজিষ্ট্রির জন্য তাগিদ দিলে কালক্ষেপণ করতে থাকে।
ফলে নোয়েল জি মেন্ডিস রেজিষ্ট্রির জন্য আদালতে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত এই মামলার প্রেক্ষিতে আদালত শুনানি শেষে ৮৬ সালের ৯ এপ্রিল সোলেনামা মূলে উভয় পক্ষের সম্মতিক্রমে ১৫ শতক জমি নোয়েলকে রেজিষ্ট্রি করে দেওয়ার আদেশ দেন।
আদালতের এই আদেশের বিরুদ্ধে পতঞ্জলি বোস হাইকোর্টে আপীল করেন।
কিন্তু আপীল মামলাটি নিষ্পত্তি না হওয়ায় চলতি বছরের ৩০ জুলাই তারিখে নোয়েলের পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য পাঁচ জনকে বিবাদী করে প্রথম যুগ্ম জেলা জজ চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। ৩ আগস্ট আদালত পাঁচ জন প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেন। কিন্তু প্রতিপক্ষ নোটিশের কোনও জবাব না দিয়ে দালান নির্মাণের কাজ শুরু করলে নোয়েল কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী থানার এস.আই. এ.বি. ছিদ্দিক গত ২৩ আগস্ট বিকেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
