আগামী সপ্তাহে দক্ষিণ এশিয়া সফর করবেন এডিবি প্রেসিডেন্ট, তবে বাংলাদেশে নয়
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় তার প্রথম সফরে আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফর করবেন। তবে এ সফর কর্মসূচীতে বাংলাদেশ সফর অন্তর্ভূক্ত হয়নি।
সম্প্রতি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পল উলফউইট্জ বাংলাদেশে তার সংক্ষিপ্ত সফরে ঢাকাকে সুনির্দিষ্ট কোনও উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি না দেওয়ার পর এডিপি প্রেসিডেন্টের সফর কর্মসূচিতে ঢাকা অন্তর্ভূক্ত না হওযার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্থানীয় কর্মকর্তারা।
ম্যানিলাভিত্তিক এডিবির প্রেসিডেন্ট হারুহিকো কুরোডা দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফর করছেন।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের এ সফরে প্রেসিডেন্ট কুরোডা ভারত সরকারের সাথে আলোচনায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিকাশমান উন্নয়নের ওপর প্রাধান্য দেবেন বলে এডিবি সূত্রে জানা যায়।
এডিবি প্রেসিডেন্ট ৫ ও ৬ সেপ্টেম্বর পাকিস্তানে অবস্থান করবেন। সেখানেও তিনি সরকারের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত একটি ব্রিফিংয়ে অংশ নেবেন।
এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কুরোডা আলোচনা চালাবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সহায়তা করার ব্যাপারে এডিবির পরিকল্পনা রয়েছে এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
১৯৬৬ সালে এডিবি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ ৬৩টি।
১৯৮৬ সাল থেকে এডিবি ভারতে কাজ শুরু করে এবং ভারতকে এ পর্যন্ত তারা মোট ১৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে। পাকিস্তানে ২০০৪ সালের অক্টোবর পর্যন্ত গত ৩০ বছরে এডিবি প্রায় ১৪ দশমিক তিন বিলিয়ন ডলারের অর্থ সহায়তা এবং একশ’ ৪০ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা দিয়েছে।
১৯৭৩ সাল থেকে বাংলাদেশ এডিবির সদস্য। ২০০৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে এডিবি মোট সাত দশমিক ছয় বিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে।
ঢাকায় ১৯৮২ সালে এডিবি’র প্রথম কান্ট্রি অফিস বাংলাদেশ রেসিডেন্ট মিশন প্রতিষ্ঠিত হয়।
এডিবি বাংলাদেশের যানবাহন, নগর অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক মান উন্নয়ন, মানব উন্নয়ন, নারী উন্নয়ন এবং বাৎসরিক সংস্কার কর্মসূচির ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে।
আগামী বছরের ৩ থেকে ৬ মে পর্যন্ত ভারতের হায়দ্রাবাদে এডিবির বহুজাতিক কমিটির ৩৯তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হওযার কথা রয়েছে।
