নিকারের পরবর্তী সভায় দুর্নীতি দমন কমিশনের কাঠামো অনুমোদন হবে
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের অস্থায়ী সাংগঠনিক কাঠামো প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) পরবর্তী সভায় অনুমোদন হচ্ছে। ইতোমধ্যে অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয় থেকে এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দাপ্তরিক সূত্রে জানা যায়, অস্থায়ী এ কাঠামোতে সর্বমোট ৫৩৮টি পদ রাখা হয়েছে। সাংগঠনিক অবকাঠামো অনুমোদন হলে কমিশনের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আগামী নভেম্বরে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের গঠনের এক বছর পূরণ হবে। ২০০৪ সালের নভেম্বরে কমিশন গঠনের পর এসময়ের মধ্যে কমিশনের কাছে সাত হাজার ৩৪২টি অভিযোগ জমা পড়েছে। তবে আইনি জটিলতার কারণে কমিশন এগুলোর ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
এছাড়াও বিলুপ্ত ঘোষিত দুর্নীতি দমন ব্যুরোর কার্যকালের ২ হাজার ৯০৮টি অভিযোগ তদন্তের প্রক্রিয়াধীন এবং ৫ হাজার ৫০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কমিশন সূত্র জানায়, জনবল ও নীতিমালা না থাকায় কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে না পারায় নানা জটিলতার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে বিলুপ্ত ঘোষিত দুর্নীতি দমন ব্যুরোর যেসব কর্মকর্তাকে কমিশনে নেওয়া হয়েছে, বিভিন্ন মামলার সাক্ষ্য দিতে না যাওয়ায় তাদের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। কিন্তু নীতিমালা না থাকায় তারা আদালতে যেতে পারছেন না।
এ অবস্থায় অস্থায়ীভাবে ৫৩৮ জন জনবল ও বেশ কিছু নীতিমালাসহ কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর স্থায়ী কাঠামো প্রণয়নের কাজ শুরু হবে। স্থায়ী কাঠামোতে কমিশনের জন্যে ১ হাজার ৩৭৬ জন কর্মকর্তার পদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বিশ্বব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ সফরকালে সরকারি অফিসে দুর্নীতি রোধ করার জন্যে সরকারকে চাপ দেন। অন্যথায় বিশ্বব্যাংক তাদের অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দেবে বলে তিনি জানান।
