কুড়িগ্রামে ইউরিয়া সারের তীব্র সংকট
কুড়িগ্রামের নয়টি উপজেলায় ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৩০ থেকে ৪০ টাকা। ভরা আমন মৌসুমে সার সংকট ও দাম বৃদ্ধির ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু সারের ডিলার টাকা জমা দিয়েও চলতি মাসের বরাদ্দের সার ‘যমুনা সার কারখানা‘ থেকে এখন পর্যন্ত সরবরাহ পাননি।
আবার অনেক ডিলার সরবরাহ পেয়েও জেলায় সার আনেননি। এসব ডিলাররা পরিবহন ব্যয় সাশ্রয় এবং অধিক মুনাফার লোভে মিল গেট থেকে তা ময়মনসিংহ, বগুড়া এবং সিরাজগঞ্জের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে।
সংশ্লিষ্ট কৃষি বিভাগ সারের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় কার্যকরভাবে ভূমিকা না রাখায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবকিছু।
জানা যায়, চলতি মৌসুমে জেলায় এক লাখ ১৩ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় দুই লাখ ৫৬ হাজার মেট্রিক টন।
প্রথম দফা বন্যা এবং চারা ধানের অগ্নিমূল্যের ধকল সহ্য করে কৃষকরা আমন লাগানো শেষ করলেও সার সংকটে তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় চলতি মাসে ৯১ জন ডিলারের প্রত্যেককে বাফার গুদাম থেকে ৩২ মেট্রিক টন এবং যমুনা সার কারখানা থেকে ৩২ মেট্রিক টন করে সার বরাদ্দ করা হয়। ডিলাররা বাফার গুদাম থেকে বরাদ্দের সার উত্তোলন করলেও অধিকাংশ সার ডিলার যমুনা সার কারখানার বরাদ্দ তুলতে পারেনি। আবার যারা তুলতে পেরেছেন তারা তা মিল গেটেই বিক্রি করে দিয়েছেন।
এল ফলে এখন পর্যন্ত বরাদ্দের প্রায় তিন হাজার মেট্রিক টন সার জেলায় পৌঁছেনি। এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সারের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে ২৯০ টাকার (৫০কেজি) ইউরিয়ার বস্তা বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। প্রত্যন্ত অঞ্চলে এই দাম ৩৪০/৩৫০ টাকা।
সারের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পরিমাণ মত সার প্রয়োগে ব্যর্থ হচ্ছেন। এতে আমন আবাদ ব্যাহত হবে বলে কৃষিবিদরা আশংকা করছেন।
এ ব্যাপারে জেলা সার ডিলার সমিতির সভাপতি শামসুল ইসলাম মণ্ডল বিডিনিউজকে জানান, এখানে সারের সংকট নেই। তবে তিনি দাম বৃদ্ধির কথা স্বীকার করেন।
নির্দিষ্ট সময়ে যমুনা সার কারখানা সরবরাহ দিতে না পারায় সাময়িক সমস্যা হচ্ছে। তবে সরবরাহ পেলে সমস্যার সমাধান হবে।
