যশোর ও বান্দরবানে আবারো জঙ্গি সংগঠন জেএমবির লিফলেট
যশোর ও বান্দরবানে শনিবার আবারো জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) লিফলেট পাওয়া গেছে। ইসলামী আইন বাস্তবায়নসহ সরকার, বিচার বিভাগ এবং এনজিওদের সতর্ক করে এ লিফলেট প্রচার করা হয়।
গত ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার দায়িত্ব স্বীকার করে জেএমবি একদফা লিফলেট বিলি করে।
বিডিনিউজের যশোর প্রতিনিধি জানান, শনিবার সকালে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ থেকে জামিয়াতুল মুজাহেদিন বাংলাদেশের খামে এসব লিফলেট পাঠানো হয়। ডাক টিকিট লাগানো থাকলেও এতে কোনো ডাকঘরের সিল ছিলো না।
ইসলামী আইন বাস্তবায়নসহ সরকার, বিচার বিভাগ এবং এনজিওদের সতর্ক করা বানীসহ এ লিফলেট কীভাবে কলেজে এলো তা নিয়ে গোয়েন্দাসংস্থাগুলো এখন তৎপর।
বিডিনিউজের বান্দরবান প্রতিনিধি জানান, পার্বত্য জেলা বান্দরবানের প্রেসক্লাব, মার্কেট, সরকারি অফিস, বাস স্টেশনসহ বিভিন্নস্থানে একই ধরনের লিফলেট প্রকাশ্যে ছোট ছোট শিশুরা বিতরণ করে। একাধিক সামরিক-বেসামরিক নিরাপত্তা সংস্থার দৃষ্টির নাগালের ভেতর কীভাবে এ সব লিফলেট বিলি করা হলো, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার ছোট গুড়গোলায় ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি জেএমবি’র আখড়ায় বোমা বিষ্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় স্বাক্ষ্য দিতে না আসায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে একই মামলায় অব্যাহতি পাওয়া নয়জন আসামীর কাউকেই ১৭ আগস্টের বোমা হামলার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
