প্রবাসী বাঙালীদের জন্য অনলাইনে বাংলা শিক্ষা কোর্স
যেসব প্রবাসী বাঙ্গালী তাদের সন্তানরা মাতৃভাষায় ভাল করে কথা বলতে পারে না বলে অভিযোগ করে থাকেন, তাদের জন্য শিগগিরই সুবর্ণ সুযোগ আসছে।
আগামী বছরের এপ্রিল থেকে এই শিশুদের জন্য অনলাইনে চালু হতে যাচ্ছে বাংলা শিক্ষা কোর্স।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অনলাইনে বাংলা শিক্ষার এ কোর্স চালু করতে যাচ্ছে। প্রবাসী ভারতীয়দের যেসব ছেলেমেয়ে ভাল করে বাংলা বলতে পারে না, এ কোর্সের মাধ্যমে তাদের বাংলা শেখানো হবে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান যৌথভাবে এ কোর্স পরিচালনা করবে। বাংলা শিক্ষার এ কোর্সটি তিনটি মডিউলে বিভক্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজিত কুমার বসু বলেন, কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে যে বাংলা সম্পর্কে কিছুই জানে না, তার জন্য যেমন আবার যে এ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তার জন্যও তেমনি গুরুত্বপূর্ণ।
কোর্সে ফি কত হবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তা নির্ধারণ করেনি। তবে ফি সহনীয় পর্যায়ের মধ্যেই রাখা হবে বলে কর্তৃপক্ষ জানায়।
