২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলায় এবারের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রথম বারের চেয়ে বেশি

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে নাইকো কর্তৃক রিলিফ কূপ খননকালে দুর্ঘটনায় আগের দুর্ঘটনার চেয়ে অধিক পরিমাণ গ্যাস পুড়েছে। দুর্ঘটনায় গ্যাস ক্ষেত্রের কাঠামো ক্ষতিগ্রস্থ হলেও তা ভবিষ্যত উৎপাদন বিঘ্নিত করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নাইকোর রিলিফ কূপ খননকালে দুর্ঘটনায় কি পরিমাণ গ্যাস পুড়ে গেছে এ নিয়ে অনুসন্ধানের জন্যে গঠিত কমিটির প্রতিবেদনে উপরের মতামত তুলে ধরা হয়েছে। রোববার দুপুর ১২টায় প্রতিবেদনটি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের কাছে পেশ করা হবে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম তামিম এর সভাপতিত্বে শনিবার বিকেলে পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক সভায় কমিটির সদস্যগণ তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

এ সময় কমিটির একজন সদস্য বিডিনিউজকে উপরের তথ্য জানিয়ে বলেন, পুরো বৈজ্ঞানিক বিশ্লেষণ নির্ভর হয়ে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আর কমিটির প্রতিবেদনের সাথে নাইকোর প্রতিনিধি রুডি স্টকার একমত পোষন করেছেন।

এক প্রশ্নের জবাবে কমিটির ঐ সদস্য বলেন, “মোট কি পরিমাণ গ্যাস পুড়ে গেছে তা আগামীকাল জানবেন। তবে এর পরিমাণ প্রথমবারের দূর্ঘটনায় পুড়ে যাওয়া গ্যাসের চেয়ে বেশি।”

প্রথম দুর্ঘটনায় চূড়ান্ত করা ক্ষতির হিসাব থেকে দেখা যায় প্রায় ১ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে।

রিলিফকুপ খননকালে গত ২৫ জুন এই দূর্ঘটনা ঘটে। ঐ দিনই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দূর্ঘটনার জন্যে নাইকোকে দায়ি করে ইতোমধ্যে তাদের রিপোর্ট পেশ করছে।

ঘটনার দু‘দিন পর প্রফেসর তামিমকে প্রধান করে পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণে এই কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার অনুরোধ করা হয়। কিন্তু ২ দফা বৃদ্ধির পর রোববার কমিটি তাদের রির্পোট দিতে যাচ্ছে।

কমিটির অপর সদস্যরা হলেন পেট্রোবাংলার সিনিয়র মহা ব্যবস্থাপক কাজী শহিদুর রহমান, জ্বালানি মন্ত্রণালয়ের উপ-প্রধান নুরুজ্জামান, বাপেক্স এর শাহাবুদ্দিন এবং নাইকোর রুডি স্টকার।