২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের তাইওয়ানি কোম্পনিতে অগ্নিকাণ্ড, ১০০ কোটি টাকার মালামাল ভস্মিভূত, আহত ৫০

সাভারের নতুন ইপিজেড এলাকায় তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান কুংকিং স্পিনিং এণ্ড ডাইং কারখানায় শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ভয়ে দিগি¦দিক ছুটোছুটি করে প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কারখানার কুংকিং স্পিনিং এণ্ড ডাইং সেকশনে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছিল। রাত ৩টা ২০ মিনিটের দিকে ডাইং সেকশনের একটি বৈদ্যুতিক মর্টারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা এক ইউনিট থেকে অন্য ইউনিটে ছড়িয়ে পড়ে।

প্রথমদিকে শ্রমিকরা নিজেরা আগুন নেভাতে চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা আরও বেড়ে গেলে সকলে প্রাণভয়ে দিগিদ্বিদিক ছুটাছুটি শুরু করে। এসময় কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়।

খবর পেয়ে ভোর ৪টার দিকে প্রথমে ডিইপিজেড ফায়ার ব্রিগেড এবং পরে সাভার, টঙ্গি, গাজীপুর, মিরপুর, মানিকগঞ্জ ও গুলিস্তান ফায়ার ব্রিগেড থেকে আটটি দল আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এসময় কাঁচামাল ইউনিটের দাহ্য পদার্থে আগুন ধরলে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র হয়ে ওঠে যে ফায়ার ব্রিগেড অসহায় হয়ে পড়ে।

পরে আগুনের তীব্রতা কিছুটা কমলে ফায়ার ব্রিগেড সদস্যরা আপ্রাণ চেষ্টা করে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু দীর্ঘ সাত ঘন্টা ধরে ধরে চলতে থাকা আগুনে কারখানার স্পিনিং ও ডাইং এর আটটি সেকশনের সমস্ত মালামাল, যন্ত্রপাতি, আসবাবপত্র, কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও মিলের কাছে রাখা আটটি কর্কলিফট ও দুইটি গাড়ি ভস্মিভূত হয়।

১২টি প্লট নিয়ে তৈরি এ বিদেশী প্রতিষ্ঠানের আটটি প্লট পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সূত্র জানায়, পুলিশ, র‌্যাব ও বিডিআর সদস্যরা মিলটি ঘিরে রেখেছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানি ঘটেনি।