ঢাকা চিড়িয়াখানায় অত্যাধুনিক রেস্তোরাঁ নির্মাণ করা হচ্ছে
ঢাকা চিড়িয়াখানাকে আকর্ষনীয় শিক্ষা ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন চিড়িয়াখানার ভেতরে শিগগিরই একটি অত্যাধুনিক রেস্তোরাঁ নির্মাণ করবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয় এরই মধ্যে এ ব্যাপারে সম্মত হয়েছে।
জানা যায়, ওই রেস্তোরাঁ চালু করতে প্রায় ২২ লাখ টাকার প্রকল্প প্রস্তাবনা হাতে নেওয়া হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর মো. মফিজুর রহমান বিডিনিউজকে জানান, ইতিমধ্যে ওই দুই মন্ত্রণালয়ের প্রতিনিধি চিড়িয়াখানায় এসে রেস্তোরাঁর স্থান নির্বাচন করে গেছেন। হাতি ও ঘোড়ার শেডের একপাশে লেক পাড়ে এ রেস্তোরাঁ নির্মাণ করা হবে।
জানা যায়, এরআগে ওই জায়গায় একটি রেস্তোরাঁও ছিলো। পর্যটন করপোরেশন ওই পরিত্যাক্ত রেস্তোরাঁটি সংস্কার করবে। বানিজ্যিকভাবে সফল না হওয়ায় বছরখানেক আগে ওই বেসরকারি উদ্যোগের রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। এছাড়া চিড়িয়াখানার ভেতরে একই রকম আরো তিনটি রেস্তোরাঁ ছিলো। ক্রেতা-দর্শণাথী হয়রানীর দায়ে সেগুলোরও একই পরিনতি ঘটে। ওইসব রেস্তোরাঁর খাবারের দামও ছিলো অতি চড়া।
