বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার বিপক্ষে প্রণব মুখার্জি
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া কোনও সমাধান নয়।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দেশটিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখার্জি আহ্বান জানান।
নয়াদিল্লিতে বুধবার ১৯৪৭ সালের ভারত ভাগ বিষয়ক তিনদিনের কনফারেন্সের উদ্বোধনী দিনে মুখার্জি বলেন, প্রতিবেশী দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব না হলে সেখান থেকে ভারতে অবৈধ অভিবাসন বন্ধ করা কার্যত অসম্ভব। তার ভাষায়, অর্থনৈতিক কারণেই এক দেশ থেকে অপর দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটে। আইএএনএস’ প্রণব মুখার্জিকে উর্দ্ধৃত করে প্রতিবেদন পরিবেশন করে।
মুখার্জি বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের পরিবর্তিত করতে পারি না। প্রতিবেশীদের সাথে আমাদের শান্তিতে বসবাস করতে হবে। এ কারণেই তাদের অর্থনৈতিক উন্নয়ন আমাদের নিশ্চিত করতে হবে। দেশের মানুষের মতো প্রতিবেশী দেশের মানুষদের প্রতি আমাদের করণীয় যদি পালন করতে না পারি, তাহলে আমরা কোনও ভূমিকাই রাখতে সক্ষম হব না।
বাংলাদেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মুখার্জি বলেন, বাস্তবতা এই যে, আমাদের প্রতিবেশীর অর্থনৈতিক উন্নয়ন যদি ত্বরান্বিত না করা যায়, তাহলে কাঁটাতারের বেড়া অথবা সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করে অনুপ্রবেশ রোধ করা যাবে না।
বিশেষ কোনও দেশ যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তখন সে দেশটি শুধু সন্ত্রাসবাদকেই লালন করে না, বরং সংশ্লিষ্ট দেশটি সমাজের শান্তি, স্থিতিশীলতা এবং সুশৃঙ্খল উন্নয়ন অস্বীকার করে।
এশিয়ার তিন পারমাণবিক শক্তি চীন, ভারত, পাকিস্তানের উপস্থিতি প্রসঙ্গে মুখার্জি বলেন, আঞ্চলিক শক্তিগুলোর নিজেদের মধ্যে সন্দেহ থেকে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটেছে।
মুখার্জি বলেন, এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে, যাতে পারমাণবিক শক্তিধর দেশগুলো কখনোই পারমাণবিক বোমা ব্যবহার না করে।
তিনি আরও বলেন, ভারতের নীতি হল, প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা, পারমাণবিক শক্তিহীন দেশগুলোর বিপক্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা এবং ন্যুনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ অবস্থা বজায় রাখা। তিনি বলেন, শুধু সীমান্তেই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা আমাদের নিশ্চিত করতে হবে।
