জামাল উদ্দিনের মৃত্যু দিবস ২০০৩ সালের ১৭ আগস্ট
২০০৩ সালের ১৭ আগস্টই চট্টগ্রামের অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। অপহরণ ঘটনায় জড়িত সন্ত্রাসী কালা মাহাবুবের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ বিষয়ে নিশ্চিত হয়েছে র্যাব।
২০০৪-এর ১৩ নভেম্বর গ্রেফতার হওয়া কালা মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ আগস্ট রাত এগারোটায় ফটিকছড়ির কাঞ্চন নগরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কংকাল উদ্ধার করেছে। ২০০৩ সালের ২৪ জুলাই চকবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে জামাল উদ্দিনকে অপহরণ করা হয়।
কাঞ্চন নগরের পাহাড়ে জামালউদ্দিনের কংকাল উদ্ধারকালে এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল কাজী ইমদাদুল হক বলেছেন, কালা মাহাবুবের দেওয়া তথ্য সঠিক । তার বক্তব্য অনুযায়ী জামাল উদ্দিনের পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
র্যাব সূত্র জানায়, কালা মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের ২৪ দিন পর জামাল উদ্দিনকে গামছা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়।
কালা মাহাবুব বিডিনিউজকে একই তথ্য দিয়ে বলেছে, র্যাব কর্মকর্তারা তাকে এবং তার পরিবারকে রক্ষা করার পূর্ণ নিশ্চয়তা দেওয়ায় সে জামাল উদ্দিনের কবর দেখিয়ে দিয়েছে এবং এ অপহরণ ঘটনা সম্পর্কে সব সত্য বলে দিয়েছে।
এর আগে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে সে এ ব্যপারে পূর্ণাঙ্গ কোনও তথ্য দেয়নি বলে জানায়।
