২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসের মধ্যেই চট্টগ্রামে অভিন্ন আন্তঃসংযোগ এক্সচেঞ্জ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আগামী মাসের মধ্যে টেলিফোন নেটওয়ার্কে বিদ্যমান জট এড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন আন্তঃসংযোগ এক্সচেঞ্জ স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

দেশের গ্রাহক ও ফোন অপরেটর কোম্পানিগুলোর নেটওয়ার্ক ক্যাপাসিটি উন্নয়নে ল্যান্ডফোন (পিএসটিএন) ও মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে এটি হবে একটি অভিন্ন প্ল্যাটফর্ম।

গ্রামীণ ফোন, একটেল, সিটিসেল ও বাংলালিংক-দেশের এই চারটি মোবাইল কোম্পানি এবং বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)’র সহায়তায় এ প্রকল্পের প্রথম পর্যায়ে চট্টগ্রামে প্রথম এক্সচেঞ্জ স্থাপিত হবে। প্রথম পর্যায়ে চীনা কোম্পানি হুয়াউই নন্দনকাননে টিএন্ডটি’র কার্যালয়ে একচেঞ্জ স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরামর্শে বিটিআরসি দুই কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্প পরিচালক রেজাউর রহমান বিডিনিউজকে জানান, এ প্রকল্পের আওতায় ঢাকা, খুলনা, রাজশাহী ও বগুড়াতেও অনুরূপ একচেঞ্জ স্থাপন করা হবে।

ভয়েস এন্ড ডাটা কমিউনিকেশন দ্রুততর ও শক্তিশালী করার ক্ষেত্রে দেশের টেলিফোন গ্রাহক ও ফোন কোম্পানিগুলোর জন্য এটি হবে জাতীয় আন্তঃসংযোগ এক্সচেঞ্জ।

বিটিআরসি’র পরিচালক রেজাউল কাদের বলেন, ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হয়েছে এবং স্থাপনকাজ আগমী দুই-তিন দিনের মধ্যেই শুরু হবে।

বিটিআরসি সূত্র জানায়, গত ২০০৩ সালে এ প্রকল্প গ্রহণ করা হয় এবং এ মাসের মধ্যেই তা শেষ করার কথা।

প্রকল্পের অন্যান্য অংশের মধ্যে রয়েছে চট্টগ্রামের আন্তঃসংযোগের দিক থেকে আভ্যন্তরীণ নেটওয়ার্ক ও ওয়েবসাইটের উন্নয়ন এবং গ্রাহক সচেতনতা সৃষ্টি।

রেজাউল কাদের বলেন, বর্তমানে আমাদের কোনও অভিন্ন আন্তঃসংযোগ নেই। স্বতন্ত্র নেটওয়ার্ক এক্সচেঞ্জের কারণে বিঘ্ন, লাইন কেটে যাওয়া, ক্রস কানেকশন, কল চুরির মতো হয়রানির ঘটনা ঘটছে। যে কারণে গ্রাহকদের অযথা সময় ও অর্থ অপচয় হচ্ছে।

অভিন্ন আন্তঃসংযোগ একচেঞ্জ প্রতিষ্ঠিত হলে গ্রাহকরা এসব হয়রানির হাত থেকে রক্ষা পাবেন। তিনি বলেন, এক্সচেঞ্জটি একটি জংশন হিসেবে কাজ করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গত সোমবার এক বৈঠকে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।