মেহেরপুরে যুবলীগ নেতার লাশ দাফন, পুলিশকে আসামী করে মামলার প্রস্তুতি
পুলিশী নির্যাতনে নিহত মেহেরপুরের গাংনী উপজেলার যুবলীগ নেতা মোকাদ্দেসের লাশ বুধবার একই উপজেলার করমদিতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এ হত্যার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে।
তেতুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেসের লাশ বুধবার সকালে মেহেরপুর এসে পৌঁছলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এ হত্যাকান্ডের বিচার দাবি করে শ্লোগান দেয়। কালো ব্যাজধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা লাশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এবং করমদী গ্রামে জানাজা সম্পন্ন হয়। জানাজায় চারদলীয় জোটের নেতাকর্মীরা বাদে কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেয়।
আওয়ামী লীগের গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ঘটনার প্রত্যক্ষদর্শী এমএ খালেক জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে বাজারে যান মোকাদ্দেস। বাজার থেকে ফেরার পথে পুলিশ মোকাদ্দেসকে ধরে নিয়ে ব্যাপক নির্যাতন চালায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাংনী উপজেলায়, পরে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার মোকাদ্দেস মারা যায়।
