মাদারীপুরে একজনের জামিনে অন্যজনের মুক্তিলাভ
মাদারীপুরে মঙ্গলবার একজনের জামিনে অন্য একজন মুক্তি পেয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় একজন আইনজীবীর সহকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাজৈর থানার ফাতেমা বেগম লিপির দায়েরকৃত একটি যৌতুক মামলায় স্বামী আ. সাত্তার মোল্লা, দেবর আ. সালাম ও তার মা গ্রেপ্তার হয়।
মাদারীপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম মঙ্গলবার এ মামলার তিনজন আসামির মধ্যে আবদুস সালাম ও তার মাকে জামিন প্রদান করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালালুর রহমানের সহকারী আমির হোসেন সুকৌশলে আ. সালামের নাম কেটে মামলার মূল আসামি আ. সাত্তার মোল্লার নাম লিখে ম্যাজিস্ট্রেটের অনুস্বাক্ষরের জন্যে উপস্থাপন করেন। ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করে জামিননামা ও মুক্তিনামা জেলগেটে প্রেরণ করেন। এতে সাত্তারের পরিবর্তে সালাম মুক্তি পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হলে আদালত প্রাঙ্গণে তোলপাড় সৃষ্টি হয় এবং আদালত আসামি পক্ষের আইনজীবীকে শোকজ এবং তার সহকারী আমির হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
