কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে চরমপন্থী নেতা নিহত হয়েছে।
নিহত চরমপন্থী নেতার নাম আজাদ জোয়ার্দ্দার ওরফে আজাদ (২৮)।
আজাদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা আজিবর চেয়ারম্যানের সেকেন্ড-ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আজাদকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করলে জেরার মুখে সে তার বাহিনীর ক্যাডার ও অস্ত্র ভাণ্ডারের সন্ধান দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চরমপন্থী ক্যাডারদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযানের এক পর্যায়ে রাত ৪টার দিকে গোপালপুর গ্রামে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থী ক্যাডারদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হলে ক্রসফায়ারে আজাদ গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় আজাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও বেশ কিছু গুলি উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, নিহত আজাদের বিরুদ্ধে চারটি হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে।
