বিদেশীদের নিরাপত্তায় নিয়োজিত মহানগর পুলিশের (উত্তর) বেশির ভাগ সদস্য
ঢাকা মহানগর পুলিশের (উত্তর) বেশিরভাগ সদস্যই এখন বিভিন্ন দূতাবাসের কূটনীতিক এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
কূটনীতিকসহ বিদেশীদের নিরাপত্তায় গৃহীত ব্যবস্থার অংশ হিসেবে আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা এবং অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশীদের বাসস্থান এবং পরিবারের সদস্যদের রক্ষায় প্রায় ৭০০ পুলিশ নিয়োজিত রয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশ (উত্তর) এসব এলাকায় ২৩ টি চেকপয়েন্ট স্থাপনের পাশাপাশি ১০ টি মোবাইল টিম গঠন করেছে।
ঢাকা মহানগর পুলিশের (উত্তর) কমিশনার ওবায়েদ উল হক বিডিনিউজকে বলেন, যদি আরও ফোর্স পাওয়া যায়, তাহলে তাদেরও কূটনীতিকদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হবে।
সূত্র জানিয়েছে, পুলিশ প্রটেকশান ছাড়া বিদেশীরা এখন কোথাও যাচ্ছে না।
গুলশান থানার এক পুলিশ বলেছে, বিদেশীদের নিরাপত্তায় আমরা এখন হিমশিম খাচ্ছি। তারা দোকানে গেলে আমাদেরও দোকানে যেতে হচ্ছে।
বিভিন্ন বিদেশী রাষ্ট্রের সরকার বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের অপ্রয়োজনে কোথাও না যেতে এবং ভীড় এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
