চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ১৪ আগস্ট বিস্ফোরক দ্রব্য আনা হয়েছে, গোয়েন্দারা নিশ্চিত নয় ব্যবহার হয়েছে কিনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৪ আগস্ট বিস্ফোরক দ্রব্যের একটি চালান দেশে প্রবেশ করেছে। রাজশাহীতে একটি গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে একথা জানা গেছে।
তবে গোয়েন্দারা নিশ্চিত হতে পারেনি, ১৭ আগস্টের ধারাবাহিক বোমা বিস্ফোরণে এ বিস্ফোরক ব্যবহার হয়েছে নাকি ভবিষ্যতে কোনো হামলায় ব্যবহার করা হবে।
গোয়েন্দা বিভাগ সূত্রে আরও জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের চারজন সদস্য এবং কয়েকজন চোরাচালানি এ বিস্ফোরক দ্রব্য আমদানির সঙ্গে যুক্ত।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর বিডিআর ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে আসে শিবগঞ্জের চশপাড়ার নিজামউদ্দিনের পুত্র আতাউর, লাল মোহাম্মদের পুত্র হাবলু, হুদমা এলাকার ফজলুর পুত্র আখের আলী , ইদ্রিস আলীর পুত্র এনামুল এবং মিজানুরের পুত্র আলম। উল্লেখিত ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে যুক্ত।
তারা এ বিস্ফোরক দ্রব্য পৌঁছে দেয় সাতরসিয়া এলাকায় জামালউদ্দিন ও আফজল হোসেনের কাছে। জামালউদ্দিন ও আজফল হোসেন জামাআ’তুল মুজাহিদীনের সদস্য। এরপর জামাল ও আফজল বিস্ফোরক দ্রব্য পৌঁছে দেয় নওগাঁ জেলার চকদেবপাড়া মসজিদের ইমাম মওলানা জহুরুল ইসলাম ও হাফেজ আবুল হোসেনের কাছে। হাফেজ আবুল হোসেন শিবগঞ্জের দায়পুকুরিয়া মাদ্রাসার শিক্ষক।
গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, উল্লেখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছে।
