যশোরে আটক শিশু সাগরের জবানবন্দী
১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ঘটনায় কোতয়ালী পুলিশের হাতে আটক শিশু সাগর রোববার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
বোমা বিস্ফোরণের পর সাগরের দেয়া তথ্য অনুযায়ী নড়াইল থেকে আটক তুহিনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বোমা বিস্ফোরণের পর পরই যশোরের কালেক্টরেট এলাকা থেকে ১০ বছরের শিশু সাগরকে পুলিশ আটক করে।
রোববার বিকেলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে তার জবানবন্দী নেয়া হয়। সাগর ম্যাজিস্ট্রেটের কাছে বোমা বহনের কথা স্বীকার করে। সে জানায় মাত্র ১০ টাকার বিনিময়ে তার কথিত মামা তুহিনের কাছ থেকে বোমার ব্যাগ নিয়ে সে কালেক্টরেট চত্বর ও কোতয়ালী থানার পাশে রেখে আসে। সন্ধ্যায় স্বীকারোক্তি নেয়া শেষ হলে তাকে শহরের কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে সাগরকে আটক করার পর তার মা, বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। শহরের ঘোপ এলাকার একটি বস্তিতে তাদের বাসা।
