চাঁপাইনবাবগঞ্জে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে গুলি বিনিময় বন্ধ
বিডিআর এবং বিএসএফ-এর পতাকা বৈঠকের মধ্য দিয়ে রোববার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে দুপক্ষের মধ্যে টানা দুদিনের গোলাগুলি বন্ধ হয়েছে।
তবে শুক্র ও শনিবারের ব্যাপক গোলাগুলির জের ধরে সীমান্ত এলাকার গ্রামগুলোতে এখনও আতংক বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বাংলাদেশ রাইফেলস-বিডিআর এবং ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী-বিএসএফ-এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সকাল সাড়ে ১০টার দিকে ভারতের মুচিয়া ক্যাম্পের মহাদেবপুর এলাকার ২০১ এর ১০ নং রিভার পিলারের কাছে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর-এর রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল রেজানুর রহমান খান এবং বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ-এর ডিআইজি ওপি. গৌড়। পতাকা বৈঠক শেষে ২৮ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে, উভয় পরে মধ্যে গুলিবর্ষণ বন্ধ থাকবে, মহানন্দার ভাঙ্গন কবলিত এলাকায় উভয় দেশের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া ভারতীয় অংশে বালির বস্তা ও বাংলাদেশ অংশে সিসি ব্লক ফেলা বন্ধ থাকবে এবং উদ্ভুত পরিস্থিতিতে তৈরি করা উভয় পক্ষের বাংকারগুলো ভেঙ্গে ফেলা হবে।
এদিকে সীমান্তে গুলি বিনিময় বন্ধ থাকলেও এখনও ভোলাহাটের সীমান্তবর্তী গ্রামগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। ভোলাহাটের সীমান্তবর্তী গ্রাম যাদুনগর, চরধরমপুর, গোপিনাথপুর, ইমামনগর বাজার, বাহাদুর গঞ্জ, তেলিপাড়া গ্রামের হাজার হাজার মানুষ এখনও আতংকের মধ্যে রয়েছে। তবে এসব এলাকার কিছু কিছু পরিবার বাড়িতে ফিরতে শুরু করেছে।
অন্যদিকে, রাজশাহী বিভাগীয় কমিশনার মসলেহ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক নুরুল ইসলাম গতকাল রোববার সকালে সীমান্ত সংলগ্ন গ্রামগুলো পরিদর্শন করেন।
