শিশুর মেদবহুল কোমর ভবিষ্যতে হৃদ সমস্যা সৃষ্টি করতে পারে
এখন থেকে ছোট শিশুদের কোমরের পরিধি দেখে তারা পরবর্তী জীবনে হৃদ এবং বহুমূত্র রোগের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কি না, তা নির্ণয় করা সম্ভব হবে বলে আর্জেন্টিনার এক গবেষণায় বের হয়ে এসেছে।
বয়োঃপ্রাপ্তদের মেদবহুল কোমর তাদের হৃদ ও আর্টারি সংক্রান্ত বিভিন্ন রোগের পূর্ব লক্ষণ বলে বিবেচিত হয়ে থাকে।
চর্বিযুক্ত কোমর অনেক সময় বহুমূত্র ও উচ্চ রক্তচাপের ইঙ্গিত দিয়ে থাকে।
ছয় থেকে ১৩ বছর বয়সী শিশুদের কোমর পরিমাপ করে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স ডুরান্ড হাসপাতালের ডা. ভ্যালেরিয়া হার্শলার-এর নেতৃত্বে বিপাকীয় উপসর্গ উপাদান, যেমন, মেদবাহুল্য, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা, লিপিডস ও রক্তচাপের সাথে তুলনামূলক গবেষণায় এমন তথ্য বের হয়ে এসেছে।
গবেষণায় কোমরের মাপকে একক নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছিল।
বাচ্চাদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতার জন্য কোমরের বিস্তৃত পরিমাপ ঝুঁকিপূর্ণ বলে গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটেনের প্রায় ৩০ শতাংশ শিশু মেদবাহুল্য বা অতি ওজন সংক্রান্ত সমস্যায় ভুগছে।
