বুধবারের হামলায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে ডিলে ডিভাইসের সাহায্যে
দেশজুড়ে একযোগে বোমা হামলায় টাইম ডিভাইস নয়, বরং বিলম্বিত প্রযুক্তি (ডিলে ডিভাইস) ব্যবহার করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছিল। র্যাব সূত্রে এ কথা জানা গেছে।
র্যাব কর্মকর্তারা জানান, তাছাড়া এটি খুব সস্তা ও দুর্বল বিস্ফোরক হওয়ায় এটি প্রতিরোধ করা খুবই কঠিন।
ডিলে ডিভাইসের ব্যাখ্যা দিয়ে র্যাব কর্মকর্তারা শনিবার বিডিনিউজকে বলেন, একটি তারের মাধ্যমে দু’টি ব্যাটারির (১ দশমিক ৫ ভোল্টের) সাথে একটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টারের সংযোগ ঘটানো হয়েছে।
তারা আরও জানান, ব্যাটারির সংযোগের সাথে একটি সুইচেরও সংযোগ ঘটানো হয়েছে। এই সুইচটি অন্য একটি রেজিস্টার ও ইন্ডিকেটর ল্যাম্পের সাথে যুক্ত ছিল।
পুরো বোমার তৃতীয় অংশটি ছিল সালফার জাতীয় পাউডারের সাথে যুক্ত একটি উষ্ণতা মাপক যন্ত্র। পাউডার গরম হতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। আরও ১০/১৫ মিনিট পরেই বোমা বিস্ফোরিত হয়।
সুইচ ও ইন্ডিকেটর ল্যাম্প বাইরে রেখে উষ্ণতা মাপক যন্ত্র ও বিস্ফোরক সংযুক্ত বোমা লক্ষ্য অনুযায়ী বিভিন্ন স্থানে স্থাপন করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, যেহেতু গরম হওয়ার নির্দিষ্ট সময় পরে বোমা বিস্ফোরিত হয়, তাই হামলাকারিরা একযোগে হামলা চালিয়েছিল।
তারা বলেন, সুইচটি অন করে ব্যবহারকারি খুব সহজেই বুঝতে পারে বোমাটি সক্রিয় আছে, না নিষ্ক্রিয়।
তারা আরও বলেন, হামলায় ব্যবহৃত বোমাগুলোর বিস্ফোরণে কোনও টাইম ডিভাইস ব্যবহার করা হয়নি। সাধারণত শক্তিশালী কোন বোমার বিস্ফোরণে টাইম ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে।
বোমায় ব্যবহৃত উপাদান খুব সস্তা এবং পদ্ধতি খুব সহজ হওয়ায় সন্ত্রাসীরা ভবিষ্যতে সহজেই এ পদ্ধতি আবারও ব্যবহার করতে পারে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের তদন্তের ক্ষেত্রে সহজ একটি বিষয়ের প্রতি নজর রাখতে পারে। আর তা হলো সুইচ। অর্থাৎ ৫০০ বোমায় ব্যবহৃত এত বিপুল পরিমাণ সুইচ কোথা থেকে কেনা হয়েছে সেটি বের করতে পারলেই তদন্তকারী কর্মকর্তারা হামলার ক্লু বের করতে পারবেন।
