২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটক অস্ত্রের চালান থেকে একে-৪৭ সরিয়ে ফেলার দায়ে ২ পুলিশ সার্জেন্ট গ্রেফতার

চট্টগ্রামে উদ্ধারকৃত ১০ ট্রাক অবৈধ অস্ত্রের চালান থেকে খোয়া যাওয়া দু’টি একে-৪৭ রাইফেলসহ দুই পুলিশ সার্জেন্ট এবং অপর দুই ব্যক্তিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামে ইউরিয়া সার লিমিটেডের জেটি থেকে আটক অস্ত্রগুলো ট্রাকে তোলার সময়ই ওই দুটি রাইফেল খোয়া যায় বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম জোনের র‌্যাব কর্মকর্তারা টানা দু’দিনব্যাপী অভিযান শেষে বৃহস্পতিবার ঢাকা থেকে সার্জেন্ট আলাউদ্দিন ও হেলালউদ্দিনকে আটক করে। র‌্যাব কর্মকর্তারা আটক দুই সার্জেন্টের অস্ত্র বিক্রিতে সাহায্যকারী দুলাল খন্দকারকে নোয়াখালীর মাইজদী থেকে এবং পেয়ারুল ইসলাম আকাশকে ফেনীর মহিপাল থেকে আটক করেছে।

সার্জেন্ট আলাউদ্দিন এবং হেলালউদ্দিন চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেডের জেটিতে অস্ত্রের চালান আটকের সময় সেখানে দায়িত্বরত ছিল। একই সাথে সার্জেন্ট আলাউদ্দিন এ অস্ত্র মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা অস্ত্রের চালান থেকে ছয়টি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল সরিয়ে ফেলে। সরিয়ে ফেলা রাইফেলগুলোর মধ্যে চারটি তারা শিবির ক্যাডার আকাশের কাছে বিক্রি করে দেয়।

গ্রেফতারকৃত আলাউদ্দিন ও হেলালউদ্দিন র‌্যাবকে জানায়, ট্রাক থেকে অস্ত্র নামানোর সময় সরিয়ে ফেলা এ রাইফেলগুলো প্রথমে নগরীর কদমতলী এলাকার হলিডে হোটেলে রাখা হয়। সাড়ে আট লাখ টাকায় চারটি একে-৪৭ রাইফেল বিক্রি করা হয় বলে তারা জানায় ।

র‌্যাব কর্মকর্তারা ১৮ আগস্ট ফেনীর মহিপাল থেকে একটি একে-৪৭ রাইফেলসহ আকাশকে প্রথমে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা মহানগর পুলিশে কর্মরত দুই সার্জেন্টকে গ্রেফতার করা হয়।

দুই সার্জেন্ট র‌্যাবকে জানায়, অপর একটি রাইফেল বিক্রির জন্যে দুলালের কাছে রাখা হয়েছে। তাদেরসহ এবং দুলালকে নিয়ে র‌্যাব কর্মকর্তারা শুক্রবার সকালে নোয়াখালীর সুধারামে দুলালের গ্রামের বাড়ি থেকে অপর একে-৪৭ রাইফেলটি উদ্ধার করে।

অস্ত্রের চালান আটকের সময় আলাউদ্দিন বন্দর পুলিশ ফাঁড়ি এবং হেলাল কয়লার ডিপোতে দায়িত্বরত ছিল।

সার্জেন্ট হেলাল ও সন্ত্রাসী হাফিজ মিলে আরও দু’টি রাইফেল এমভি খাজার দান নামের ট্রলারে লুকিয়ে রাখে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা অস্ত্রের চালান আটকের দু’দিন পর ওই ট্রলার থেকে রাইফেল দু’টি উদ্ধার করে।

দু মাস আগে সার্জেন্ট আলাউদ্দিনকে ঢাকা মহানগর পুলিশের গুলশান পুলিশ ফাঁড়ি এবং হেলালউদ্দিনকে সদরঘাট পুলিশ বক্সে বদলি করা হয়।

র‌্যাব কর্মকর্তাদের সামনে হেলাল সাংবাদিকদের জানায়, সে ও আলাউদ্দিন লাল একটি প্রাইভেট কারে করে রাইফেল ছয়টি হলিডে হোটেল নিয়ে যায়। তবে এরপরের ঘটনা সম্পর্কে সে আর কিছু জানে না বলে উল্লেখ করে।

গ্রেফতারকৃত আকাশ জানায়, সে সাড়ে আট লাখ টাকায় চারটি একে-৪৭ রাইফেল বিক্রি করে। বিক্রি করা টাকা থেকে কমিশন হিসেবে সে পায় ৪০ হাজার টাকা। বাকি টাকা সে আলাউদ্দিনের কাছে দেয় বলে আকাশ জানায়।

আকাশ আরও জানায়, শিবির ক্যাডার আজরাঈল দেলোয়ারের কাছে ওই চারটি রাইফেল বিক্রি করা হয়। দেলোয়ার ৮ মে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, তারা আলাউদ্দিনের কাছ থেকে এক লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, আকাশকে ফেনীর মহিপাল এবং দুই সার্জেন্ট ও দুলালকে নোয়াখালীর সুধারাম থানায় সোপর্দ করা হবে।

ব্যাপক আলোচিত চট্টগামে অস্ত্র উদ্ধার মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে তাদের রিমান্ডে নেয়া হতে পারে।

র‌্যাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দুই সার্জেন্টকে গ্রেফতার করার ফলে আটক ১০ ট্রাক অস্ত্রের বাইরে যে তিন ট্রাক অস্ত্র খোয়া গেছে সে ব্যাপারে তদন্তে অগ্রগতি হবে।

পুলিশ ৪,৯৩০টি বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, ২৭,০২০টি হ্যান্ড গ্রেনেড, ৮৪০টি রকেট লাঞ্চার, রকেট লাঞ্চারের ৩০০ গোলা, ২,০০০ গ্রেনেড টিউব, ৬,৩৯২টি ম্যাগজিন ও ১১,৪০৫২০ রাউন্ড গুলি উদ্ধার করে। গতবছর ২ এপ্রিল ১,৪৬৩টি কাঠের বাক্সে এ অস্ত্রগুলো ১০টি ট্রাকে বোঝাই করার সময় পুলিশ অস্ত্রসহ ট্রাকগুলো আটক করে।