২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শেখ হাসিনার দেহরক্ষী মাহাবুবের পরিবার এখন কেমন আছে
গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মাহাবুবের পরিবারে আজও এতটুকু ম্লান হয়নি সেই ভয়াল স্মৃতি।
ওই দিন ঘাতকের বুলেট নেত্রীকে স্পর্শ করার আগে মাহাবুব নিজের বুক পেতে দেন। নেত্রীকে বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জে উঠিয়ে দিয়েই লুটিয়ে পড়লেন বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ অফিসের সামনে।
সেই ঘটনার একবছর পরও পরিবারে তার অভাব স্পষ্ট। আবেগের পাশাপাশি বাস্তবতাও এখানে প্রকট। কেননা মাহাবুবই ছিল পরিবারের প্রধান উপার্যনক্ষম সদস্য। সরেজমিন কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে গেলে মাহাবুবদের বাড়িতে বিষাদের ছায়া এবং পরিবারের জীবন-যাপনের করুণ চিত্র দেখা যায়।
মাহাবুবের সংসার চলছে টানাটানিতে। ১০ ভাই বোনের মধ্যে মাহাবুব ছিলেন দ্বিতীয়। তিনি ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। মাহাবুবের বাবা হারান মোল্ল¬া সম্প্রতি তার দুই জামাতার কাছ থেকে ধার এনেছেন ১০ মন ধান। তাও এখন ফুরানোর পথে। এরপর তিনি মাঠের আখ আগাম বিক্রির কথা ভাবছেন। মাহাবুবের বড় ভাই শাজাহান দীর্ঘদিন জন্ডিসে ভুগছেন। ছোট ভাই মামুন সংসারের প্রয়োজনে ভ্যান চালাতে রাস্তায় নেমেছেন। অর্থাভাবে দশম শ্রেণীর ছাত্রী ছোটবোন শিরীনের লেখাপড়াও বন্ধ হয়ে যেতে পারে যে কোনও সময়।
অন্যদিকে মাহাবুবের কথা বলতেই ফুপিয়ে কেঁদে ওঠেন স্ত্রী শামীমা আক্তার আসমা। আচমকা এক ঝড়ে ভেঙে গেছে তার সাজানো সুখের সংসার।
গ্রেনেড হামলার বিচারের আশা তারা ছেড়েই দিয়েছেন। মাহবুবের বাবা, মা, ভাই, স্ত্রী সবাই বললেন একই কথা, কার কাছে বিচার চাইবো? আর বিচার করবেই বা কারা?
বঙ্গবন্ধুভক্ত পরিবারের ছেলে মাহাবুব ২০০২ সালেই যোগ দেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে। এরপর থেকেই মাহাবুবের ধ্যান-জ্ঞান হয়ে ওঠেন নেত্রী। নেত্রীকে তিনি আপা বলে ডাকতেন। ব্যবহার, আচার, ভদ্রতা আর অসম্ভব দায়িত্বশীলতার কারণে মাহাবুব অন্যসব দেহরক্ষীর চেয়ে আস্থাভাজন হয়ে পড়েন নেত্রীর। দায়িত্বকালে তিনি নেত্রীর খুব কাছাছাছি থাকতেন।
স্ত্রী আসমা ২১শে আগস্টের কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। বলেন, দুপুরে খাবার খেতে এসে ওইদিন খুব তাড়াহুড়ো করছিল ও। বলেছিল, আজ আপার একটা বড় প্রোগ্রাম আছে। এক্ষুনি যেতে হবে। খাবার খেয়ে ২টার দিকে বাড়ি থেকে বের হয়। এর আগে বড় ছেলের স্কুলের পড়া দেখিয়ে দেয়। বলে, রাতে ফিরে ধরবো। কিন্তু রাতে আর ফেরা হয়নি তার।
আসমা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে জানতে পারলাম আপার অনুষ্ঠানে গ্রেনেড হামলা হয়েছে। অনেকেই মারা গেছেন। খবর পেয়ে দু’ছেলেকে বাসায় রেখে রিকশায় সুধা সদনে যাই।
আসমা কাঁদতে কাঁদতে বলেন, এর আগে একদিন সুধা সদনের সামনে গন্ডগোল হয়েছিল। সেদিনও আমি রিকশা নিয়ে গিয়েছিলাম। খবর দিতেই একগাল হাসি নিয়ে বেরিয়ে এসে মাহাবুব বলেছিল ‘পাগলী আমার কিছু হবে না, আমি ঠিক আছি, তুমি বাসায় যাও’। এদিনও ভেবেছিলাম খবর দিলেই ও বেরিয়ে আসবে। কিন্তু সুধা সদনের সবাই আমার সাথে লুকোচুরি খেলতে থাকে। আমাকে ভেতরে নিয়ে যায়। শেখ হাসিনার পাশে গিয়ে বসি। উনি বলেন, মাহাবুবের গুলি লেগেছে। ওকে হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। আমি তখনি হাসপাতালে যেতে চাই। কান্নাকাটি শুরু করি। এরপর রাত ১০টার দিকে যখন জানতে পারলাম মাহাবুব ঘটনাস্থলেই মারা গেছে, তখন গাড়িতে করে আমাকে বাসায় দিয়ে আসা হয়।
বলতে বলতে আবার অঝোরে কান্নায় ভেঙ্গে পড়েন আসমা, মাহাবুবের মৃত্যুর পর বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট থেকে নগদ দুই লাখ টাকা দিয়েছে। প্রথম তিন মাস মাহাবুবের বেতন পুরোটাই দিতো। দু’ছেলের লেখাপড়া বাবদ মাসে দু’হাজার টাকা পাঠায় ডাকে। আর সেনাবাহিনীর পেনশনের ১২শ’ টাকা এবং তিনজনের রেশন তুলে কোন মতে চলছি।
