দেশে দৃষ্টি প্রতিবন্ধী শিশু ৪০ হাজার, ১২ হাজারের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব
দেশে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশু রয়েছে। এদের মধ্যে ১২ হাজার শিশু বিনা কারণে অন্ধত্ব বরণ করেছে। সাধারণ ছানি অপারেশনের মাধ্যমে এদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব।
লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর আই হেলথ’র ড. এমএ মুহিত একথা জানান। বৃহস্পতিবার ঢাকায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা চাইল্ড সাইট ফাউণ্ডেশন (সিএসএফ) আয়োজিত ‘চাইল্ড সাইট কনফারেন্স ২০০৫’ এ মূল প্রবন্ধ পাঠকালে তিনি একথা বলেন।
ড. মুহিত বাকি ২৮ হাজার শিশুর জন্যে পুনর্বাসনমূলক কর্মকাণ্ড সম্প্রসারিত করার ওপর জোর দেন। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বড়দের মতো সহজে খুঁজে পাওয়া যায় না। এদের খুঁজে বের করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এমএ মতিন এমপি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বর্তমান সেবা কার্যক্রম যথেষ্ট নয় এবং এর সম্প্রাসারণ প্রয়োজন। এজন্যে তিনি মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নের প্রতি জোর দেন।
দৃৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক সুলতানা সারওয়াতারা জামান দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে স্কুলের সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে এনএফওডব্লিউডি’র খন্দকার জহিরুল আলম এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সেবা প্রদানকারী বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
