২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণ: দেশব্যাপী ধরপাকড়

সারাদেশে বুধবারের বোমা বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বুধবারের ঘৃণ্য ওই ঘটনায় দুজন নিহত এবং দুশতাধিক ব্যক্তি আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মুন্সিগঞ্জ ছাড়া দেশের সবকটি জেলায় প্রায় ৫০০টি দেশে তৈরি টাইম বোমা আদালত চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরিত হয়।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠি হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও প্রত্যেকটি বিস্ফোরণস্থলে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের লিফলেট পাওয়া যায়।

পুলিশ বৃহস্পতিবার জানায়, হামলার সাথে জড়িত সন্দেহে তারা এ পর্যন্ত সারা দেশ থেকে অর্ধশতাধিক লোককে আটক করেছে। কিন্তু এ হামলার মূল হোতা কে বা কারা, এ ব্যাপারে তারা এখনও নিশ্চিত হতে পারেনি।

এদিকে চীন সফররত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশব্যাপী জঙ্গিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগের কিছুক্ষণের মধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে পেতে রাখা বোমাগুলো ঘন্টাব্যাপী একটার পর একটা বিস্ফোরিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হচ্ছে না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবারই গ্রেফতার অভিযান নিয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে সিরিজ বোমা হামলার পর গত ২৩ ফেব্রুয়ারি সরকার জামা’আতুল মুজাহিদীন ও বাংলা ভাইয়ের জাগ্রত মুসলিম জনতাকে নিষিদ্ধ ঘোষণা করে।

বুধবারের বিস্ফোরণে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাতক্ষীরা থেকে গ্রেফতার হওয়া জামা’আতুল মুজাহিদীনের নেতা মনিরুজ্জামান মুন্না।

পুলিশ ইটাগাছা এলাকা থেকে মুন্নাকে অপর এক সহযোগীসহ আটক করে। পুলিশ বলছে, মুন্না সাতক্ষীরার আদালত এলাকায় বিস্ফোরণে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এছাড়া পুলিশ সাতক্ষীরা থেকে আরও ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০, নীলফামারী থেকে একজনকে আটকে করেছে। হামলায় চাঁপাইনবাবগঞ্জে একজন ও সাভারে একজন নিহত হয়।

বোমা বিস্ফোরণের পর পুলিশ দেশব্যাপী টহল জোরদার করেছে। প্রধান প্রধান সরকারি গুরুত্বপূর্ণ এলাকা ও কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।