২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে সারাদেশে মিছিল, বিক্ষোভ, সংঘর্ষ ও ভাংচুর, আহত ৩৫

সারাদেশে বুধবার ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদে রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়। সংঘর্ষের জের ধরে কিছু স্থানে আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ও ভাংচুর করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নাটোর প্রতিনিধি জানান, সারাদেশের বোমা হামলার প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগ একটি মিছিল বের করলে বিএনপি কর্মীরা হামলা চালায়। এসময় ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হন। আহতরা হচ্ছে আওয়ামী লীগের জেলা কমিটির সহ সভাপতি সিরাজুল ইসলাম, সদর থানা কমিটির সভাপতি আহাদ আলী সরকার, আরিফ, সাদেক, সামশুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী লীগ কর্মী কোয়াদ আলী গুলিবিদ্ধ হয়। এ ছাড়া বিএনপি কর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগের কার্যালয় এবং পৌর কমিশনার মুস্তারুল ইসলাম আলমের চেম্বার ভাংচুর করে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এছাড়া সংঘর্ষে একটি মোটর সাইকেল অগ্নিসংযোগ, আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর এবং আওয়ামী লীগ সমর্থকদের দোকানপাটে হামলা ও ভাংচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় একটি গ্যাস লাইনে। এক ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাঠ বন্ধ হয়ে যায়।

বরগুনা প্রতিনিধি জানান, বোমা হামলার প্রতিবাদে মিছিল করা নিয়ে বরগুনায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বুধবার কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

আহতরা হলো-বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিব স্বপন, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মহসিন, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রদল কর্মী শাহীন, কামাল, মোয়াজ্জেম।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বোমা হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়কে পৌঁছলে একপর্যায়ে উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে। এ সময়ে তারা জেলা বিএনপি কার্যালয়েও ভাংচুর চালায়। পুরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা মহরে আতঙ্ক বিরাজ করছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, বোমা হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় গাজীপুর শহরে আওয়ামী লীগ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। অন্যদিকে সন্ধ্যায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিএনপির সমাবেশ। এছাড়াও সদর উপজেলায় গাছায় আওয়ামী লীগ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

হামলার প্রতিবাদে সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে তারা বলেন , সরকার জনগণের সমর্থন হারিয়ে আওয়ামী লীগসহ বিরোধী দলে আন্দোলনকে নসাৎ করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতৃবৃন্ত অবিলম্বে দেশ পরিচালনায় ব্যর্থ খালেদা-নিজামী সাম্প্রদায়িক সরকারের পদত্যাগ দাবি করেন।

সারাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলনের উদ্যোগে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ সারাদেশে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে এর রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সারাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে বুধবার বিকালে পল্টন চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের আগে অনুষ্ঠিত এক সমাবেশে পরিষদের নেতৃবৃন্দ হামলার ঘটনার নিন্দা জানান। এ সময়ে তারা দেশের গোয়েন্দা বিভাগের সমালোচনা করেন এবং ষড়যন্ত্র উদঘাটনের ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর দাবি জানান।

এছাড়া বোমা হামলার প্রতিবাদে বুধবার রাজধানিতে সিপিবি, জাসদ (ইনু)সহ বিভিন্ন সংগঠন মিছিল ও সমাবেশ করেছে।