২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপর্যুপরি বোমা হামলা আবারও গোয়েন্দা সংস্থার দুর্বলতা প্রকাশ করেছে

সারাদেশে বুধবার একযোগে বোমা হামলায় আবারও প্রমানিত হয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো নাশকতামূলক ঘটনার ব্যাপারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে অক্ষম।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এটাই প্রথম নয়। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), ডিজিএফআই ও র‌্যাবের মতো গোয়েন্দা সংস্থাগুলো বহুবার নাশকতামূলক বা রাষ্ট্রবিরোধী কোনও ঘটনার ব্যাপারে আগে থেকে সরকারকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে। তারা অতীতের প্রায় সকল ঘটনার ক্ষেত্রে এ ধরণের ব্যর্থতার পরিচয় দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাবি করেছেন, এবারের ঘটনার ব্যাপারে সরকার আগেই আভাস পেয়েছে যে, ১৪ থেকে ১৭ আগস্টের মধ্যে নাশকতামূলক কোনও ঘটনা ঘটতে পারে।

তবে দুর্বল তথ্যের ভিত্তিতে দেশের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনা এড়ানো সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

ব্যর্থতার কথা স্বীকার করে র‌্যাবের সিনিয়র এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে এ ধরনের ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এমনকি ঘটনার পরও এর কোনও ক্লু তারা খুঁজে পায়নি।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বিপুল পরিমান অর্থ বরাদ্দ দেয়া হয়। অথচ তারা কখনোই এ ধরনের ঘটনার ব্যাপারে আগে থেকে সরকারকে সতর্ক করতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, ব্রিটিশ রাষ্ট্রদূতের ওপর হামলা, রমনা পার্ক ও মাজারে বোমা হামলার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলো, এনএসআই, ডিজিএফআই ও গোয়েন্দা পুলিশ সরকারকে সতর্ক করতে পারেনি।

গত ১৩ আগস্ট নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সরকার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

বৈঠকের মাত্র চারদিন পর দেশের প্রায় সকল জেলা সদরে বুধবার একযোগে বোমা হামলার ঘটনা ঘটে।

ব্যাপক নিরাপত্তার আওতাভুক্ত এলাকা সচিবালয়, সুপ্রিম কোর্ট, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে পর্যন্ত বোমা বিস্ফোরিত হয়। গাজীপুরে র‌্যাবের প্রশিক্ষণ স্কুলের কাছ থেকেও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এক কর্মকর্তা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সারা শারমিন বলেন, সন্ত্রাসীরা এর আগে বিভিন্ন মাজার ও রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালায়। এতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ শতশত লোক মারা হয়। তবে গোয়েন্দা কার্যক্রমে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা দেশকে বিপদের দিকে ঢেলে দিচ্ছে।

সে আরও জানায়, গোয়েন্দা সংস্থাগুলো এবারও নাশকতামূলক ঘটনার ব্যাপারে সরকারকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘তথ্য সংগ্রহের জন্য আমাদেরকে পর্যাপ্ত অর্থ ও আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে না’। এ কারণে কখনো কখনো কোনও ঘটনার আগাম তথ্য সংগ্রহে আমরা ব্যর্থ হয়েছি।