২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচে’ বেশি পড়বে বাংলাদেশে : ইসি প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন ও অন্যান্য পরিবেশ বিপর্যয় প্রতিরোধ করতে ইউরোপীয় কমিশন (ইসি) ৪৮ মিলিয়ন ইউরো খরচ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সফররত ইসি প্রতিনিধি দলের প্রধান বুধবার পরিবেশ সংক্রান্ত ইসি’র নতুন এ পদক্ষেপের ঘোষণা দেন।

আগামী দিনগুলোতে পৃথিবীর অন্য যে কোন দেশের চেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রভাবিত হবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। মোট বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে শুষ্ক মৌসুমে প্রচন্ড রকমের খরা দেখা দেবে।

ইসি’র অর্থায়নে ‘এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভস, ওয়াস্ট ম্যানেজম্যান্ট অ্যান্ড টেকনোলজি ডিসেমিনেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প উদ্বোধনকালে প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত এস্কো কেন্টরশিনসকিজ ইসি’র নতুন প্রকল্পের ঘোষণা দেন।

গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ট্রপিক্যাল ফরেস্টস শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইসি তার জলবায়ু পরিবর্তন অভিযোজনকে একটি মূল উন্নয়ন ইস্যু হিসেবে গ্রহণ করেছে।

ইসি’র ইস্যুগুলোর মধ্যে রয়েছে : বাণিজ্য ও পরিবেশ; জীববৈচিত্র্যের ওপর বহুপক্ষীয় পরিবেশ চুক্তি, জলবায়ু পরিবর্তন এবং মরুকরণ; বন ও সরকার; ক্ষুদ্র আকারের ও সম্প্রদায়-ভিত্তিক বন এন্টারপ্রাইজ; বন, কাঠ ও জ্বালানি; বনবৈচিত্র্যের টেকসই ব্যবহার; অর্থনৈতিক পরিকল্পনা ও দারিদ্র্য হ্রাসের কৌশলে বন। ইসি’র পক্ষ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ইউরো থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো প্রদানের প্রস্তাব দেয়ার চিন্তা-ভাবনা চলছে বলে ইসি সূত্র জানায়।

বর্তমানে সাতটি পরিবেশ সংক্রান্ত প্রকল্পের ব্যাপারে ইসি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। এর মধ্যে গ্রামাঞ্চলে পরিবেশগত কারণে পানির মানের সমস্যা, পরিত্যক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূমি পরিকল্পনা ও দুর্যোগকালীন প্রস্তুতি কর্মসূচি রয়েছে। পরিবেশ দূষণের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও পরিবেশ দূষণ প্রতিরোধ অক্ষম, সেই গরীবদের ওপরই মূলত আলোকপাত করা হবে বলে জানা গেছে। যদিও সবাই সুস্থ পরিবেশের সুফল ভোগ করবে।

বাংলাদেশে ইসি’র কার্যক্রম সম্পর্কে www.eudelbangladesh.org ওয়েব সাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।