৬ বছরে বোমা ও গ্রেনেড হামলার ১৮টি ঘটনা: নিহত ১৩৫, আহত সহস্রাধিক
দেশে গত ছয় বছরে বোমা ও গ্রেনেড হামলার অন্ততঃ ১৮ টি ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছে ১৩৫ জন, আহত সহস্রাধিক।
বর্তমান জোট সরকারের আমলে এ পর্যন্ত ১২ টি নৃশংস বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ৬৭ জন।
তবে বুধবারই দেশে প্রথমবারের মতো একযোগে সারাদেশে বোমা হামলার ঘটনা ঘটলো। এতে দুইজন নিহত এবং শতাধিক আহত হন।
এসব ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রেনেড হামলা হয় গত বছর ২১ আগস্ট। সেদিন ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের প্রথম সারির নেত্রী আইভি রহমানসহ ২৩ জন নিহত হন। আহত হন দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ তিন শতাধিক নেতা-কর্মী।
এছাড়া হবিগঞ্জের গ্রেনেড হামলায় নিহত হন সাংসদ এসএএমএস কিবরিয়াসহ ছয়জন, আহত হন শতাধিক।
সর্বশেষ এ বছর ১২ আগস্ট ব্রাক্ষণবাড়িয়ায় কাদিয়ানি খ্যাত আহমদীয়া মুসলিম জামাতের এক অনুসারীর বাড়িতে বোমা বিষ্ফোরণে গুরুতর আহত হয় এক বৃদ্ধা। তার একটি হাতের কব্জি উড়ে যায় এবং বুকে ও মাথায় স্পিøন্টার বিদ্ধ হয়। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।
এর আগেরদিন ১১ আগস্ট আখাউড়ার খড়মপুরে ওরশ চলার সময় মাজারে আটটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মারা যায় একজন, আহত হয় শতাধিক। তারও আগে ২৩ জুন ব্রাক্ষণবাড়িয়ারই বিভিন্ন কাদিয়ানি গ্রামে ও এনজিও অফিসে ১১টি বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ৩৫ জন।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর সমাবেশে বোমা হামলার ঘটনার মধ্য দিয়ে দেশে সমাবেশস্থলে বোমা ও গ্রেনেডসন্ত্রাসের সূচনা হয়। ওই হামলায় জাসদ নেতা কাজী আরেফসহ মারা যান ১০জন। আহত হন দেড় শতাধিক।
একই বছর ৮ অক্টোবর খুলনার আহমদীয়া মসজিদে বোমা হামলায় মারা যান ৮ জন।
২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। ওই বছর ১৪ এপ্রিল রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০জন নিহত ও ২০ জন আহত হন।
একই বছর ৩ জুন গোপালগঞ্জের গির্জায় বোমা হামলায় ১০জন নিহত ও ২৬ জন আহত হয়।
ওই বছর ১৬ জুন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২১ জন নিহত হন। আহত হন শতাধিক।
সে বছর ২৩ সেপ্টেম্বর বাগেরহাট কলেজ মাঠের সমাবেশে বোমা হামলায় মৃত্যু ঘটে ৮ জনের। শতাধিক ব্যক্তি এতে আহত হন। এছাড়াও একই বছর ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরার রক্সি সিনেমা হল ও সার্কাস প্যাণ্ডেলে বোমাবাজীর ঘটনায় ৩জন নিহত ও শতাধিক আহত হন।
২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলায় নিহত হন তিনজন ও আহত হন শতাধিক।
২০০৩ সালের ১৭ জানুয়ারি টাঙ্গাইলের শফিপুরের মেলায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হন।
২০০৪ সালের ১২ জানুয়ারি সিলেটে শাহজালালের (র.) মাজারের ওরসে বোমা হামলায় ৫ জন নিহত ও ৫০ জন আহত হন।
একই বছর ২১ মে সিলেটে শাহজালালের (র.) মাজার পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশনারের ওপর গ্রেনেড হামলায় নিহত হন ৩ জন। আহত হন ৭০ জন।
চলতি বছর ১৬ জানুয়ারি বগুড়ার নাট্যানুষ্ঠানে বোমা হামলায় দু’জন নিহত ও ৩৫ জন আহত হন।
এ বছর ওই একইদিনে নাটোরে যাত্রামঞ্চে বোমা হামলা চালানো হলে আহত হন ৩৫ জন।
