ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বুধবার একই সময়ে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছে। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল সোয়া এগারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং পলাশীতে একই সময় বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া বিশ্ববিদ্যালয় শরীর চর্চা কেন্দ্রে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পলাশীতে বোমা হামলার ঘটনায় মনিরুজ্জামান নামে একজন আহত হয়। মনিরুজ্জামান জানায়, সে টাকা ভাঙ্গানোর জন্য চা দোকানদার আব্দুল খালেকের দোকানের সামনে গিয়েছিল। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিএসসি’র ডাসের সামনে একই সময়ে একটি বোমা বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওহীদ টিএসসি’র বোমা বিস্ফোরণের ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি বিডিনিউজকে বলেন, ডাসের কাছে তিনি বোমা বিস্ফোরণের প্রচন্ড শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর আক্রান্ত স্থান থেকে ব্যাপক ধোঁয়া নির্গত হতে থাকে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর রমনা থানা পুলিশকে বোমা বিস্ফোরণের ঘটনা অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং নমুনা সংগ্রহ করেছে।
চার সদস্য বিশিষ্ট ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) একটি দল সকল বোমা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানান, হাত বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে সময় যন্ত্র দিয়ে ।
এছাড়া নগরীর হাইকোর্ট এলাকায় বিস্ফোরণে খায়রুল ইসলাম ও শেরাটন হোটেলে বোমা বিস্ফোরণে মাসুম নামে দুই ব্যক্তি আহত হয়েছে।
বোমা হামলার ঘটনার পরপরই ছাত্রলীগ ও ছাত্রদল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবশে করে। ছাত্রলীগ এ ঘটনার জন্য বিএনপিকে এবং ছাত্রদল আওয়ামী লীগকে দায়ী করে।
